নতুন স্পিকার নির্বাচন করছে যুক্তরাজ্যের পার্লামেন্ট
ব্রেক্সিট নিয়ে বিরোধে জন বারকোর পদত্যাগের পর নতুন স্পিকার বেছে নিতে যাচ্ছেন যুক্তরাজ্যের পার্লামেন্টের এমপিরা।
সোমবারই এমপি’দের এ স্পিকার নির্বাচন করার কথা রয়েছে।
গত ১০ সেপ্টেম্বর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন পাঁচ সপ্তাহের জন্য পার্লামেন্ট অধিবেশন মুলতবি ঘোষণার ঠিক আগে দিয়ে ওই সিদ্ধান্তের বিরোধিতা করে বারকো পদত্যাগ করেছিলেন।
তিন বছর আগে ঐতিহাসিক গণভোটে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত আসার পর থেকেই যুক্তরাজ্যের পার্লামেন্টে স্পিকারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কারণ, খসড়া ব্রেক্সিট চুক্তি নিয়ে বিতর্কের সময় চুক্তির ভালো বা মন্দ দিক নিয়ে আলোচনা, সেটি পাস এবং কার্যকরে স্পিকার প্রভাবশালী ভূমিকা রাখেন।
এছাড়া, পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে বিভিন্ন পদ্ধতিগত বিষয় নিয়ে বিতর্কের সালিশ মীমাংসা করেন স্পিকার। সরকার প্রস্তাবিত কোনো পরিকল্পনার কোন কোন অংশ নিয়ে বিতর্ক হতে পারে সেটিও তিনি নির্ধারণ করে দেন।
সাবেক স্পিকার বারকোর বিরুদ্ধে আলোচনার মাঝপথে থামিয়ে দেওয়া এবং বরিস জনসন সরকারের বিচ্ছেদ পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নেওয়া এমপিদের সমর্থন করার অভিযোগ উঠেছিল।
জ্যেষ্ঠ রাজনীতি বিশ্লেষক অ্যালিস লিলি বলেন, “যিনিই জন বারকোর উত্তরসূরি হন না কেন, তিনি যেই হন, তাকে সুনির্দিষ্ট কিছু চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে।”
বলার অপেক্ষা রাখে না, তার মধ্যে প্রথম চ্যালেঞ্জ হতে যাচ্ছে ব্রেক্সিট। এমপিদের তীব্য সমালোচনা ও বাক্যবাণ, এমনকি গালাগালিও সামলাতে হবে তাকে।
নিয়মানুযায়ী, গোপন ভোটের মাধ্যমে বারকোর উত্তরসূরি বেছে নেওয়া হবে। এজন্য বেশ কয়েক ঘণ্টা সময় লাগবে। কারণ, প্রতিটি রাউন্ডে প্রার্থী বাদ পড়তে পড়তে শেষ পর্যন্ত যিনি সবচেয় বেশি ভোট পাবেন তিনি পরবর্তী স্পিকার নির্বাচিত হবেন।
মোট আট জন স্পিকার হওয়ার দৌড়ে আছেন। জিএমটি দুপুর আড়াইটার দিকে প্রত্যেক প্রার্থী সংক্ষিপ্ত বক্তৃতা দেওয়ার সুযোগ পাবেন এবং তারপর ভোট শুরু হবে।
বিরোধী লেবার পার্টির ৬২ বছর বয়সের এমপি লিন্ডসে হিলে দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেছেন, স্পিকারকে অবশ্যই স্বাধীন ও স্বচ্ছ হতে হবে এবং পার্লামেন্টে ঐক্য ধরে রাখার জন্য কাজ করার প্রতিশ্রুতি দিতে হবে।
