২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস বন্দিদের নিজ নিজ দেশে পাঠাবে তুরস্ক

তুরস্কের হাতে বন্দি ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেয়মান সোইলু জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2019, 07:16 PM

Updated : 08 Apr 2022, 04:58 PM

শনিবার ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

আইএসের আটক সদস্যদের বিষয়ে ইউরোপ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে, সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে সোইলু বলেন, “এটি গ্রহণযোগ্য নয়। এটি দায়িত্বহীনতা।”

আইএসের বন্দিদের বিষয়টি মোকাবেলা করার জন্য ইউরোপ তুরস্ককে একা ছেড়ে যাচ্ছে উল্লেখ করে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা আটক দায়েশ (আইএসের আরেক নাম) সদস্যদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেবো।”  

গত মাসে সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে কুর্দি বাহিনীগুলোর বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযান চলাকালে কুর্দিদের হাতে বন্দি বেশ কিছু আইএস সদস্য পালিয়ে গিয়েছিল। পরে তুরস্কের সেনারা তাদের অনেককে আটক করে।