দুঃসময়ের যোদ্ধা উ হুয়াইয়ানের কাহিনী সাড়া জাগাল চীনে
বয়স তার ২৪। ওজন ২০ কেজির কিছু বেশি। ভাইকে বাঁচাতে পাঁচ বছর ধরে ২৬ টাকাতেই দিন চালিয়ে এসেছে বোন। খাওয়া বলতে সামান্য মরিচ আর ভাত। সেইসঙ্গে চলেছে কাজ আর পড়াশোনাও। এসব কিছুই ভাইয়ের দেখভালের জন্য।
এমনই এক যুবতীর খোঁজ মিলেছে চীনে। দুঃসময়ের এই যোদ্ধার নাম উ হুয়াইয়ান। যার মা-বাবা মারা গেছেন ছোটবেলাতেই। তখন থেকেই তার কাঁধে পড়েছে গুরুদায়িত্ব। ছোট ভাইকে দেখভাল করার, মা-বাবার মতো করে খেয়াল করার। অথচ যাকে এ খেয়াল রাখতে হবে সেই উ হুয়াইয়ান নিজেও অপুষ্টিতে ভূগছে। আর ভাইটি মানসিক রোগী।
ভাইয়ের চিকিৎসার জন্য টাকা বাঁচাতেই ৫ বছর ধরে ২৬ টাকায় দিন চালিয়েছেন উ। দিনের পর দিন ঠিকমত না খাওয়ার কারণে শেষমেশ এ মাসের শুরুতে অপুষ্টিতে ভুগে হৃদযন্ত্র, কিডনির অসুখ এবং শ্বাসকষ্ট নিয়ে উ হাসপাতালে ভর্তি হন। মৃত্যুর সঙ্গে যুঝতে যুঝতে তার দেওয়ালে পিঠ ঠেকার এ কাহিনী নাড়িয়ে দিয়েছে চীনের মানুষকে।
চীনের সোশ্যাল মিডিয়ায় ভাইবোনের এ খবরটি প্রকাশ পাওয়ার পরই বহু মানুষ এগিয়ে এসেছে তাদের সহায়তায়। সবাই মিলে জোগাড় করেছে উ আর তার ভাইয়ের জন্য অনুদান হিসেবে প্রায় ৮ লাখ ইউয়ান (১ লাখ ১৪ হাজার ডলার)।
সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যাওয়ায় বিষয়টি নজরে পড়েছে সরকারেরও। তারপরই সরকার এই ভাই-বোনের জন্য জরুরি তহবিল হিসাবে ২০ হাজার ইউয়ান অনুদান দিয়েছে। উ এর কলেজের শিক্ষক এবং সহপাঠীরা মিলে জোগাড় করে দিয়েছে ৪০ হাজার ইউয়ান, স্থানীয় গ্রামবাসীরা দিয়েছে ৩০ হাজার ইউয়ান। শক্ত মনের এই মেয়েটিকে সাহায্য করে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন আরো অনেকে।
বিবিসি জানায়, গুইঝোউ প্রদেশে বাড়ি উ হুয়াইয়ানের। বাবা-মা মারা যাওয়ার পর উ আর তার ভাইয়ের দেখভাল করেছিলেন তাদের নানি। এরপর চাচা-ফুপুর কাছ থেকে মাসে ৩শ’ ইউয়ানে চলছিল তাদের খরচ। তবে সে অর্থের বেরিভাগই চলে যেত ভাইয়ের চিকিৎসার পেছনে। সরকারের কাছ থেকে এই দুই ভাইবোন কিছু ভর্তুকি পেলেও তা ছিল যৎসামান্য।
উ এর ঘটনা মানুষ জানার পর অনেকেই কর্তৃপক্ষের ওপর ক্ষোভ ঝেড়েছেন তার দুর্দশা আমলে না নেওয়া এবং আরো আগেই তাকে সহায়তা না করার জন্য। অনেকে আবার উ যে কলেজে পড়েন সেখানকার কর্তৃপক্ষ থেকে তার সাহায্য না পাওয়ার বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
