ব্রেক্সিটের সময়সীমার দিনে যুক্তরাজ্যে নির্বাচনী প্রচার শুরু
নির্ধারিত যে ৩১ অক্টোবরে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার (ব্রেক্সিট) কথা ছিল সে দিনটিতেই এখন নির্বাচনী প্রচারের সূচনা দেখছে যুক্তরাজ্যের ভোটাররা।
বিরোধীদল লেবার পার্টি নেতা জেরেমি করবিন দেশের দুর্নীতিগ্রস্ত ববস্থাকে ছুড়ে ফেলার প্রতিশ্রুতি দিয়ে শুরু করেছেন প্রচার। এক ভাষণে তিনি ১২ ডিসেম্বরের নির্বাচনকে দেশের রূপান্তর ঘটানোর বিরল সুযোগ বলে বর্ণনা করেছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রেক্সিটে দেরীর জন্য লেবার নেতা করবিনকে দায়ী করেছেন। ৩১ অক্টোবরে ব্রেক্সিট সম্পন্ন করতে না পেরে জনসন রাজনৈতিক অচলাবস্থা দূর করতে ১২ ডিসেম্বর নির্বাচন ডেকেছেন।
ব্রেক্সিটের সময় বাড়াতে বাধ্য হওয়ার জন্য চরম হতাশা প্রকাশ করেছেন জনসন। তবে নির্বাচনে কনজারভেটিভ দল জয়ী হলে অচলাবস্থার অবসান হবে বলে জানিয়েছেন তিনি।
কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টির দুই নেতাসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোও এদিন থেকে ছয় সপ্তাহের জন্য নির্বাচন প্রচার শুরু করছে।
জনমত জরিপগুলোতে জনসনের কনজারভেটিভ পার্টিকে লেবারের চেয়ে ১৫ থেকে ১৭ শতাংশ পয়েন্টে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে।
জনসন সময়মত ব্রেক্সিট করতে না পারায় এবার নির্বাচনের মাধ্যমেই ব্রেক্সিটের সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। লেবার নেতা করবিন যুক্তরাজ্যের ভবিষ্যতকে হুমকিতে ফেলছেন বলে অভিযোগ করবেন তিনি।
লিবারেল ডেমোক্র্যাট নেতা বিবিসি কে বলেছেন, “রাজনৈতিক পরিস্থিতি খুবই নাজুক। ১২ ডিসেম্বরে যে কোনো কিছুই ঘটতে পারে।”
যেভাবে এগুবে নির্বাচন প্রক্রিয়া:
*হাউজ অব লর্ডস এ অনুমোদন পেলে নির্বাচনী বিলটি রাজ সম্মতি পাবে -- যখন বিলটিতে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়ে আইনে পরিণত করবেন রানি।
* চার নভেম্বর সোমবার এমপি রা জন বেরকাউয়ের স্থলে নতুন একজন স্পিকার নির্বাচন করবেন।
* ছয় নভেম্বর বুধবার মধ্যরাতের পর পার্লামেন্ট বিলুপ্ত হয়ে যাবে।
*২৬ নভেম্বর মঙ্গলবার শেষে নির্বাচন কর্তৃপক্ষ ভোটার নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করে দেবে।
