ভারতীয় সাংবাদিক, মানবাধিকার কর্মীদের হোয়াটসঅ্যাপে আড়িপাতার চেষ্টা
ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী বিশেষ করে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ওপর আড়িপাতার চেষ্টা করেছিল ইসরায়েলের একটি সংস্থা।
বিশ্বব্যাপী ২০ টি দেশের প্রায় ১৪০০ ব্যবহারকারীর অ্যাকাউন্টে ‘স্পাইওয়্যার’ ঢোকানোর চেষ্টা করেছিল ইসরায়েলের একটি সফটওয়্যার প্রস্তুতকারক কোম্পানি বা এনএসও গ্রুপ।
তারা ভারতীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মীসহ কূটনীতিক ও পদস্থ সরকারি কর্মকর্তাদেরও টার্গেট করেছিল। হোয়াটসঅ্যাপ এনএসও গ্রুপের বিরুদ্ধে বুধবার মামলা করেছে। এ সংস্থাটির বিরুদ্ধে এপ্রিল এবং মে তে সাইবার হামলা চালানোর অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
স্পাইওয়্যার এক ধরনের সফটওয়্যার বা প্রযুক্তি যা ব্যবহারকারীর অজান্তে তার মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপে ঢুকিয়ে দেওয়া হয়। ফলে আক্রান্তের পাসওয়ার্ড, কনট্যাক্ট লিস্ট বা ফোন নম্বরের তালিকা, ক্যামেরা, ছবি-সহ প্রায় যাবতীয় তথ্য পেয়ে যায় আড়ি পাতা ব্যক্তি বা সংস্থা। হোয়াটসঅ্যাপেও সে ধরনের স্পাইওয়্যার ঢোকানোর চেষ্টা করা হয়েছিল ভিডিও কলের সময়।
হোয়াটসঅ্যাপের দাবি, এ বছরের এপ্রিলে প্রায় দু’সপ্তাহ ধরে ক্রমাগত এ আড়ি পাতার চেষ্টা চলেছে। মে মাসে ‘সাইবার হামলা’ হওয়ার কথাও জানিয়েছিল মার্ক জাকারবার্গের সংস্থা। তবে সে প্রচেষ্টা সফল হয়নি বলে জানায় তারা। তার আগেই তারা এ আড়ি পাতার চেষ্টা ধরে ফেলে।
যাদের অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা হয়েছিল, তাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানানোসহ প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে। তবে ইসরায়েলি সংস্থাটি অভিযোগ অস্বীকার করে এর বিরুদ্ধে লড়াইয়ের সংকল্প নিয়েছে।
