ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও’র বিরুদ্ধে মামলা হোয়াটস অ্যাপের
কূটনীতিক, ভিন্নমতাবলম্বী রাজনীতিক, সাংবাদিক ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাসহ চার মহাদেশের প্রায় এক হাজার ৪০০ ব্যক্তির ফোনে আড়িপাতায় সরকারি গোয়েন্দাদের সহায়তা করার অভিযোগে ইসরায়েলি নজরদারি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকের মালিকানাধীন এ প্ল্যাটফর্মটি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে এনএসওর বিরুদ্ধে ২০টি দেশের নাগরিকদের হ্যাকিংয়ে সরকারকে সহযোগিতা করার অভিযোগ দায়ের করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যে ২০টি দেশের নাগরিকদের ফোনে আড়িপাতা হয়েছে তার মধ্যে মেক্সিকো, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের নাম জানা গেছে।
এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ এনএসও’র মাধ্যমে গণ্যমান্য ১০০ নাগরিককে লক্ষ্য করে ওই হ্যাকিং পরিচালিত হয়েছে বলে জানিয়েছে। একে ‘উদ্দেশ্যপ্রণোদিত অপব্যবহারের নিদর্শন’ হিসেবেও অ্যাখ্যা দিয়েছে তারা।
ইসরায়েলি নজরদারি প্রতিষ্ঠান এনএসও এই অভিযোগ অস্বীকার করেছে।
“এ অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি, আমরা এর বিরুদ্ধে প্রাণপণে লড়বো। এনএসওর একমাত্র উদ্দেশ্য হচ্ছে সন্ত্রাসবাদ ও গুরুতর অপরাধের বিরুদ্ধে নিবন্ধিত সরকারি গোয়েন্দা সংস্থাগুলোকে প্রযুক্তি সরবরাহ করা,” বিবৃতিতে বলেছে তারা।
হোয়াটসঅ্যাপ বলছে, তাদের ভিডিও কল ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে ব্যবহারকারীদের মোবাইলে ম্যালওয়ার পাঠানো হতো। ওই ম্যালওয়ারই এনএসও’র গ্রাহক ‘সরকারি প্রতিষ্ঠান ও গোয়েন্দা সংস্থা’গুলোকে গোপনে মোবাইল ব্যবহারকারীর ওপর গোয়েন্দাগিরির সুযোগ করে দিতো; তাদের ডিজিটাল জীবনকে উন্মুক্ত করে দিতো।
বিশ্বের প্রায় দেড়শ কোটি মানুষ প্রতিমাসেই মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বলে রয়টার্স জানিয়েছে। ফেইসবুকের মালিকানাধীন এ প্ল্যাটফর্মটি তাদের এন্ড-টু-এন্ড এনক্রিপটেড ব্যবস্থাপনাসহ ব্যবহারকারীদের নিরাপত্তায় সর্বোচ্চ সুরক্ষা নেওয়ার কথা প্রায়ই জোর গলায় বলে থাকে।
এই এন্ড-টু-এন্ড এনক্রিপটেড মেসেজের কারণে হোয়াটসঅ্যাপ নিজে কিংবা তৃতীয় কোনো পক্ষ সাধারণত ব্যবহারকারীর বার্তার পাঠোদ্ধার করতে পারে না।
হোয়াটসঅ্যাপের সঙ্গে ফোনে আড়িপাতার বিষয়টি অনুসন্ধানে কাজ করা টরোন্টো বিশ্ববিদ্যালয়ভিত্তিক সাইবার নিরাপত্তা গবেষণাগার সিটিজেন ল্যাব জানিয়েছে, এনএসও’র সহযোগিতায় যেসব ব্যক্তিকে ‘টার্গেট’ করা হয়েছিল তাদের মধ্যে টেলিভিশন ব্যক্তিত্ব, অনলাইনে ভয়াবহ বিদ্বেষের শিকার নারী এবং ‘হত্যাচেষ্টার শিকার ও সহিংসতার হুমকিপ্রাপ্ত’ ব্যক্তিরা আছেন বলে জানানো হয়েছে।
সিটিজেন ল্যাব এবং হোয়াটসঅ্যাপ কেউই আড়িপাতার শিকার হওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করেনি।
