২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপিন্সে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাওয়ের মধ্যাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2019, 01:43 PM

Updated : 08 Apr 2022, 04:57 PM

মঙ্গলবারের এ ভূমিকম্পে ওই এলাকার ভবনগুলো কেঁপে উঠে ও আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি, দপ্তর ও স্কুল ছেড়ে রাস্তায় বের হয়ে আসে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফিলিপিন্স ইনিস্টিটিউট অব ভলকানোলজি এন্ড সিসমোলজি (ফিভোলক্স) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৪ মিনিটে কোটাবাটোর টুলুনান থেকে ২৬ কিলোমিটার উত্তরপূর্বে ভূমিকম্পটি আঘাত হানে।

তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বেশ কয়েকটি পরাঘাত হতে পারে সম্ভাবনায় ভূমিকম্প উপদ্রুত এলাকার বাসিন্দাদের ভবনগুলো থেকে দূরে থাকতে ও খোলা জায়গায় অবস্থান করার পরামর্শ দিয়েছে ফিভোলক্স।  

ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদরিগো দুর্তার্তের নিজ শহর জনবহুল দাভাও সিটিসহ নিকটবর্তী প্রদেশ ও শহরগুলোতেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে।

ডিজেডএমএম রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের সময় দাভাওয়ের বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারগুলো দোল খেয়েছে এবং লোকজন খোলা জায়গায় যেয়ে জড়ো হয়েছে, এ সময় আতঙ্কে কয়েকজন মূর্ছিত হয়ে পড়েন।

ভূমিকম্পের পর স্কুলগুলোতে ছুটি দিয়ে দেওয়া হয়।

ভূমিকম্পের কারণে জেনারেল সান্তোস শহরে বিদ্যুৎ চলে যায় বলে এএনসি নিউজ চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে।

ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলোজিক্যাল সেন্টার (ইএমএসসি) তাদের প্রাথমিক প্রতিবেদনে ভূমিকম্পটি ৬ দশমিক ৭ মাত্রার বলে জানিয়েছিল।

ভূতাত্ত্বিভাবে অতি সক্রিয় প্যাসিফিক রিং অব ফায়ারের (প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা) ওপর অবস্থিত ফিলিপিন্সে প্রায়ই ভূমিকম্প হয়। এর আগে ১৬ অক্টোবর মিন্দানাওয়ে ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্পে পাঁচ জন নিহ ও বহু লোক আহত হয়েছিল।