২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসী নেতার মৃত্যু ঘোষণায় দুই মেরুতে ওবামা-ট্রাম্প

সন্ত্রাসী নেতার মৃত্যু ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক এবং বর্তমান দুই প্রেসিডেন্টই। দিনক্ষণেও রয়েছে আশ্চর্য মিল। দু’জনই এমন ঘোষণা দিয়েছেন নির্বাচনের আগে দিয়ে। সেদিক থেকে দুই ঘটনায় ফরাক বিশেষ নেই। কিন্তু দুজন যে আঙ্গিকে সন্ত্রাসী নেতার মৃত্যু ঘোষণা করেছেন তাতেই রয়েছে বিস্তর ফারাক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2019, 12:42 AM

Updated : 08 Apr 2022, 04:57 PM

এদিক থেকে দুইজন যেন ছিলেন একেবারেই দুই মেরুতে। একজন খুবই নাটকীয়ভাবে, আড়ম্বর করে আইএস নেতা বাগদাদির মৃত্যু ঘোষণা করেছেন। আরেকজন একেবারেই নির্লিপ্ত এবং সাধারণভাবে  ঘোষণা করেছিলেন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের মৃত্যু।

দিনটি ছিল ২০১১ সালের ১ মে (রোববার)। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা করেছিলেন সামরিক অভিযানে লাদেন নিহতের খবর। এরপর মাঝে সাড়ে আট বছরের ব্যবধান।

২০১৯ সালের ২৭ অক্টোবর (রোববার)- বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও সামরিক অভিযানে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল বাগদাদি নিহতের ঘোষণা দেন।

লাদেন নিধনের পর প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার জন্য এক বছর সময় পেয়েছিলেন ওবামা। আর এবার বাগদাদি নিধনের পর ট্রাম্পও আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য একইরকম সময় পাচ্ছেন।

আল-কায়দা নেতা ওসামা বিন লাদেনের পর যুক্তরাষ্ট্রের চোখে আইএস নেতা আবু বকর আল-বাগদাদিই সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী বলে বিবেচিত ছিলেন।

গত শনিবার রাত থেকে সপরিবারে বাগদাদির মৃত্যুর খবর নানা সংমাধ্যমে প্রকাশ পাওয়া শুরু করা মাত্রই ট্রাম্প টুইট করেন, “এইমাত্র বিশাল কিছু ঘটেছে।” তার ১২ ঘণ্টা পর তিনি সংবাদ সম্মেলনে হাজির হয়ে এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে রসিয়ে রসিয়ে বাগদাদির মৃত্যুর খবর দেন।

সেই তুলনায় ওবামা অনেকটা হঠাৎ করেই লাদেনের মৃত্যুসংবাদ ঘোষণা করেছিলেন। সারা দিন কোনো আঁচ পাওয়া যায়নি। শুধু রাতে টেলিভিশনে এক লাইনের টিজারে অভিযানের খবর দেওয়া হয়েছিল।

ওবামার ঘোষণাও ছিল সংক্ষিপ্ত এবং কণ্ঠস্বর ছিল নির্লিপ্ত। তিনি অভিযান সম্পর্কে তেমন কোনো তথ্যও দেননি। বরং কেন লাদেনকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং কিভাবে মার্কিন বাহিনী আত্মগোপনে থাকা লাদেনকে খুঁজে বের করেছে সে সম্পর্কে জানিয়েছিলেন। প্রশংসা করেছিলেন এ অভিযানে জড়িত মার্কিন সেনাদের।

এছাড়াও ২০০১ সালের ৯/১১’র টুইন টাওয়ারে আল-কায়দার হামলায় নিহতদের স্মরণ করে এবং আমেরিকানদের প্রশংসা করে বক্তব্য শেষ করেছিলেন ওবামা। তারপর ঘুরে হোয়াইট হাউজের দিকে হাঁটা ধরেন তিনি।

অন্যদিকে, ট্রাম্পকে দেখা গেছে তার বিপরীত মেরুতে। তিনি আগে থেকেই প্রস্তুত করা বক্তব্য তো দিয়েছেনই। তার ওপর সেই লিখিত বক্তব্য থেকে মাঝে মধ্যেই সরে গিয়ে নিজের মত করে কথাও বলেছেন এবং বক্তৃতা শেষ করে প্রায় ৪০ মিনিট ধরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন।

এমনকী তিনি পুরো অভিযানের গ্রাফিক চিত্র দেখান এবং সিনেমার ভঙ্গিতে তার বর্ণনা দেন। বাগদাদি কিভাবে তিন সন্তানকে নিয়ে আত্মঘাতী হন তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন ট্রাম্প। বলেছেন, বাগদাদি মরেছেন কুকুরের মতো, কাপুরুষের মতো, মার্কিন বাহিনীর ভয়ে ভীত-সন্ত্রস্ত হয়ে। বাগদাদির  মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য কিভাবে ডিএনএ টেস্ট করা হয়েছে সে বিষয়েও বিস্তারিত বলেছেন তিনি।