বাগদাদির মৃত্যু: কী হবে দক্ষিণ-পূর্ব এশিয়ায়
ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইরত দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর জন্য জঙ্গি গোষ্ঠীটির নেতা আবু বকর আল-বাগদাদির মৃত্যু নিশ্চিতভাবেই দারুণ সুখবর। কিন্তু শুধু বাগদাদির মৃত্যুতে কী দেশগুলোর সরকার নিশ্চিত হবে পারবে, নাকি দীর্ঘ এক লড়াইয়ের প্রস্তুতি তাদের নিতে হবে?
দক্ষিণপূর্ব এশিয়ার তিন দেশ ফিলিপিন্স, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া এ অঞ্চলের মধ্যে সবচেয়ে সুগঠিত ইসলামপন্থি জঙ্গিদের আস্তানা। সেখানে রয়েছে এই জঙ্গিদের সক্রিয় উপস্থিতি।
তাই বাগদাদির মৃত্যু আনন্দ বয়ে আনলেও এ জিহাদি গোষ্ঠীটির আদর্শ এবং প্রভাবের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের জন্য এ দেশগুলোর নিরাপত্তা বাহিনীকে প্রস্তুতি নিয়েই রাখতে হচ্ছে।
বাগদাদির মৃত্যুর খবর প্রকাশের পর সোমবার ওই তিন দেশ বলেছে, এ সময়টিতে আইএস অনুসারিদের, বিশেষ করে একাই হামলা চালাতে উদ্বুদ্ধদের (লোন উলফ) প্রতিশোধমূলক হামলার আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন সেনাদের অভিযানে উত্তরপশ্চিম সিরিয়ায় একটি সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যাওয়ার পর গ্রেপ্তার এড়াতে বাগদাদি আত্মঘাতী বেল্টের বিস্ফোরণ ঘটিয়ে নিহত হন বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
বাগদাদির মৃত্যু আইএসের জন্য বিশাল ধাক্কা হলেও জঙ্গিদলটি এখনো ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থায় আছে। যেকোনো সময় তারা প্রাণঘাতী হামলা চালাতে সক্ষম বলে মনে বরেন ফিলিপিন্সের প্রতিরক্ষা মন্ত্রী ডেলফিন লরেনজানা।
“যেহেতু তারা বাগদাদিকেই নেতা মানে তাই তার মৃত্যু স্বাভাবিকভাবেই দারুণ এক ধাক্কা। কিন্তু এ ধাক্কা শিগগিরই তারা সামলে উঠবে। আইএস যোদ্ধারা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এবং তাদের শেকড় অনেক গভীরে। কেউ না কেউ ঠিকই বাগদাদির জায়গা নিয়ে নেবে।”
দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলো অনেক দিন ধরেই আইএস এর গুরুত্বপূর্ণ লক্ষ্যে পরিণত হয়েছে। তারা পশ্চিম আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার অন্যান্য জঙ্গি দলগুলোকে তাদের মতাদর্শে অনুপ্রাণিত করে অনুসারী বানাচ্ছে।
গত জুলাই থেকে আইএস ফিলিপিন্সে অন্তত চারটি আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে। এছাড়া ২০১৭ সালে আইএস জঙ্গিরা দেশটির ‘মারাউই সিটি’ পাঁচ মাস দখল করে রেখেছিল। রীতিমত আকাশ ও স্থলপথে যুদ্ধ করে ওই নগরী উদ্ধার করতে হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফিলিপিন্স প্রথমবার যুদ্ধে জড়িয়েছিল।
মালয়েশিয়াসহ অন্তত সাতটি দেশ থেকে আইএস যোদ্ধারা ওই যুদ্ধে অংশ নেয়। যার পরিপ্রেক্ষিতে মালয়েশিয়া সরকারও উচ্চ সতর্কতা জারি করেছিল এবং আইএস সন্দেহে চারশতাধিক মানুষকে গ্রেপ্তার করে।
মালয়েশিয়া পুলিশের সন্ত্রাসবিরোধী বিভাগের প্রধান আয়ুব খান মঈদিন বলেন, আইএস নিয়ে মূল উদ্বেগের কারণ তাদের নেতা নয় বরং নেতার দেওয়া শিক্ষা।
“বাগদাদির মৃত্যু অবশ্যই ভালো খবর। কিন্তু আমাদের এখানে এ খবর খুব সামান্য প্রভাবই ফেলবে। মূল সমস্যা হচ্ছে আইএস এর ছড়িয়ে দেওয়া আদর্শ, যেটি এখনো রয়ে গেছে।
“এখন আমাদের মূল উদ্বেগ একক হামলা পরিকল্পনাকারী ও ইন্টারনেটের মাধ্যমে নিজেই আইএস এর আদর্শে অনুপ্রাণিত হওয়া ব্যক্তিদের নিয়ে। এখনো অনলাইনে আইএস এর নানা প্রচার দেখতে পাওয়া যায়। আইএস সংশ্লিষ্ট প্রকাশক এবং ম্যাগাজিন সেগুলো বারবার শেয়ার ও পোস্ট করছে।”
