২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদি অভিযানের ভিডিও প্রকাশ করতে চান ট্রাম্প

সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল বাগদাদি হত্যা অভিযানের ভিডিওর কিছু অংশ যুক্তরাষ্ট্র প্রকাশ করতে পারে বলেন জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Oct 2019, 10:42 PM

Updated : 08 Apr 2022, 04:56 PM

শনিবার ওই অভিযানের সময় ঘটনার কিছু ভিডিও ধারণ করা হয়েছে। এর মধ্যে বিমান থেকে তোলা কিছু ফুটেজ এবং বাগদাদির কম্পাউন্ডে চড়াও হওয়া সেনাদের সঙ্গে থাকা ক্যামেরার ফুটেজ আছে বলে ধারণা করা হচ্ছে।

শিকাগো যাওয়ার পথে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, “আমরা বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করছি। ভিডিও’র কিছু অংশ নিয়ে আমরা সেটি প্রকাশ করতে পারি।”

বাগদাদি সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে নিহত হয়েছেন বলে রোববার ঘোষণা দেন ট্রাম্প। কুকুরের তাড়ায় বোমা ফাটিয়ে বাগদাদির মৃত্যু হয়েছে বলে ট্রাম্প জানান তিনি।

বেশ কয়েকদিন ধরেই  বাগদাদির গতিবিধির উপরে নজর রাখছিলেন মার্কিন গোয়েন্দারা। শেষ পর্যন্ত তথ্যটা আসে ইরাক ও সিরিয়া জুড়ে থাকা কুর্দি বাহিনী থেকে।

মার্কিন গোয়েন্দারা বৃহস্পতিবারই খবর পান বাগদাদিকে উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিবে পাওয়ার সম্ভাবনা বেশি। শুক্রবারের মধ্যেই সেনা অভিযানের প্রস্তুতি নেয় মার্কিন প্রশাসন। কিন্তু কেউ তা ঘুনাক্ষরেও টের পায়নি। শনিবার সকালে ইদলিবে অভিযান চালানোর মতো ‘নির্ভরযোগ্য তথ্য’ পেয়ে বারিশা এলাকায় আইএসে ঘাঁটিতে হামলা চালায় মার্কিন বাহিনী।

ঘাঁটিতে থাকা আইএস জঙ্গি এবং বাগদাদির দেহরক্ষীরাও মারা পড়ে। অনেককে গ্রেফতারও করে মার্কিন বাহিনী। শেষ পর্যন্ত পালিয়ে বাঁচার চেষ্টা করেন বাগদাদি। সন্তানদের নিয়ে কম্পাউন্ডে থাকা লুকনো সুড়ঙ্গ পথ ধরে পালানোর চেষ্টা করেন তিনি। কিন্তু, এক সময় সুড়ঙ্গও শেষ হয়ে যায়। সে সময় আত্মঘাতী বেল্টের বিস্ফোরণ ঘটায়। মুহূর্তেই বাগদাদিসহ তার সন্তানদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।

ট্রাম্পের কথায়, ধ্বংসস্তূপ সরিয়ে বাগদাদির দেহাংশ খুঁজে পায় মার্কিন বাহিনী। কিন্তু, এর পরেও বাগদাদির মৃত্যু নিয়ে সন্দেহ ছিল। শেষ পর্যন্ত ঘটনাস্থল থেকে মেলা দেহাংশের ডিএনএ পরীক্ষা করে বাগদাদির মৃত্যু সম্পর্কে নিশ্চিত হন তারা।

বাগদাদির ঘাঁটিতে মার্কিন বাহিনীর অভিযানের ওই দৃশ্য লাইভ দেখেছিলেন ট্রাম্প। তাতে ‘উচ্ছ্বসিত’ ট্রাম্প বলেছেন, ‘‘মনে হচ্ছিল যেন সিনেমা দেখছি।’’ আমেরিকার উন্নত প্রযুক্তির তারিফও করেন তিনি।