২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিলিতে বিক্ষোভ: মন্ত্রিসভা ভেঙে দিলেন পিনইয়েরা

বিক্ষোভকারীদের দাবির মুখে মন্ত্রিসভা ভেঙে দিয়ে নতুন অর্থনৈতিক ও সামাজিক সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনইয়েরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2019, 05:06 PM

Updated : 08 Apr 2022, 04:56 PM

“নতুন দাবিগুলোর মুখে, মন্ত্রিসভা পুনর্গঠনে আমি সব মন্ত্রিদের নোটিস দিয়েছি,” বলেছেন তিনি।

মন্ত্রিসভা ভেঙে দিলেও কোন প্রক্রিয়ায় সরকার চালানো হবে পিনইয়েরা তার কোনো ইঙ্গিত দেননি বলে জানিয়েছে বিবিসি।

দেশটির রাজধানী সান্তিয়াগোতে শুক্রবার ১০ লাখেরও বেশি মানুষের শান্তিপূর্ণ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির পর প্রেসিডেন্ট মন্ত্রিসভা ভেঙে দেয়ার ঘোষণা দিলেন।

পিনইয়েরা বলেছেন, তিনি রাস্তা থেকে ওঠা গণদাবি শুনতে পেয়েছেন।

“আমরা এখন এক নতুন বাস্তবতায়। এক সপ্তাহ আগেও চিলি যা ছিল, এখন তার চেয়ে একেবারেই আলাদা,” বলেছেন তিনি।

মন্ত্রিসভা ভেঙে দেয়ার পাশাপাশি গত সপ্তাহে চিলির বিভিন্ন শহরে জারি করা কারফিউ তুলে নেয়ার ঘোষণাও দেন তিনি।

কারফিউর পাশাপাশি জারি করা জরুরি অবস্থা প্রত্যাহারেও সরকারবিরোধী বিক্ষোভকারীরা দাবি জানিয়ে আসছে।

লাতিনের দেশটিতে সপ্তাহখানেক আগে শুরু হওয়া এ অসমতাবিরোধী বিক্ষোভে অন্তত ১৭ জন নিহত ও কয়েকশ আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের কয়েকদিনের ধারাবাহিক সংঘাত ও সহিংসতার পর শুক্রবার ১০ লাখের বেশি মানুষ সান্তিয়াগোতে জমায়েত হন। এ সংখ্যা চিলির মোট জনসংখ্যার ৫ শতাংশের বেশি।

সান্তিয়াগোর গভর্নর কার্লা রুবিলার টুইটারে বলেছেন, এ দিনের বিক্ষোভ এক নতুন চিলির স্বপ্ন উপস্থাপন করেছে।

আয়োজকরা বলছেন, এদিন রাজধানী যত মানুষের জমায়েতের সাক্ষী হয়েছে, ১৯৯০ সালে গণতন্ত্রে উত্তরণের পর থেকে তা আর কখনোই হয়নি।

মেট্রোর বাড়তি ভাড়াকে কেন্দ্র করে শুরু হওয়া এ বিক্ষোভ পরে অসমতাবিরোধী আন্দোলনে রূপ নেয়। সান্তিয়াগোর পাশাপাশি অন্যান্য শহরেও এ আন্দোলন ছড়িয়ে পড়ে।

সরকার পরে মেট্রোর ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত থেকে পিছু হটলেও বিক্ষোভকারীদের দমানো যায়নি। পরিস্থিতি মোকাবেলায় সরকার জরুরি অবস্থার পাশাপাশি অনেক শহরে কারফিউ জারি করে।

বিক্ষোভ মোকাবেলার পাশাপাশি জ্বালাও-পোড়াও ও লুটপাট ঠেকাতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়।

সপ্তাহখানেকেরও বেশি সময় ধরে চলা এই আন্দোলনে সাত হাজারেরও বেশি লোককে আটক করা হয়েছে।