২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের নতুন করে সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতায় নিহত ৫

ইরাকের রাজধানী বাগদাদের তাহরির স্কয়ারে পুলিশের ছোড়া কাঁদুনে গ্যাসের ক্যানিস্টার মাথায় লেগে তিন সরকারবিরোধী বিক্ষোভকারী নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2019, 11:29 PM

Updated : 08 Apr 2022, 04:55 PM

শনিবার এখানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে সহিংসতায় আরও ৮৪ জন আহত হয়েছেন বলে পুলিশ ও হাসপাতাল সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।

নতুন করে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে এদিনও বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়।

এ দিন দক্ষিণ ইরাকের শহর নাসিরিয়ায় দুই জন নিহত ও ১৭ জন আহত হন।

নাসিরিয়ার কেন্দ্রীয় এলাকায় জড়ো হওয়া কয়েক হাজার প্রতিবাদকারীর মধ্য থেকে একদল লোক স্থানীয় এক কর্মকর্তার বাড়িতে হামলা করে বলে পুলিশ জানিয়েছে। বিক্ষোভকারীরা ওই কর্মকর্তার বাসভবনে আগুন দিলে রক্ষীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বলে পুলিশ জানায়। 

এর আগেরদিন শুক্রবার সারাদেশজুড়ে সহিংস প্রতিবাদের সময় অন্তত ৫২ জন নিহত হয়েছিল। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। 

ইরাকি সামরিক বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে শনিবার প্রতিবাদকারীদের আরও শক্তভাবে মোকাবেলা করার পরিকল্পনার ইঙ্গিত দিয়েছিল।

শুক্রবার বাগদাদের অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোনের কাছে যারা গিয়েছিলেন তাদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ছুড়েছিল নিরাপত্তা বাহিনী, কিন্তু শনিবার তাহরির স্কয়ারে জড়ো হওয়া সবাইকে লক্ষ্য করে কাঁদুনে গ্যাস ছোড়ে তারা।

প্রায় প্রতি ১৫ মিনিট পর পর জনতাকে লক্ষ্য করে কাঁদুনে গ্যাস ছোড়া হয় বলে রয়টার্সের এক প্রতিনিধি জানিয়েছেন।

৩৩ বছর বয়সী প্রতিবাদকারী সিলওয়ান নুর বলেন, “আমরা শুধু পতাকা ও পানির বোতল নিয়ে এসেছি, কিন্তু তারা আমাদের আঘাত করেছে। আমরা শান্তিপূর্ণ আছি, আমাদের কাছে কোনো অস্ত্র নেই।”

বহু বছর ধরে সহিংসতা ও অর্থনৈতিক দুরবস্থার মধ্যে থাকা সাধারণ ইরাকিদের জীবনমানের উন্নয়ন করতে ব্যর্থ হওয়ায় রাজনৈতিক অভিজাতদের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন বলে বিক্ষোভকারীরা জানিয়েছেন। নিরাপত্তা বাহিনী তাদের আঘাত করায় তারা আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে।

বাগদাদের গ্রিন জোন কেন্দ্রীয় সরকারের এলাকা এবং অনেক বছর ধরে এই এলাকাটিতে ইরাকি জনসাধারণের প্রবেশ বন্ধ ছিল।  

এর আগে বৃহস্পতিবার রাতে দেওয়া এক ভাষণে ইরাকের প্রধানমন্ত্রী আবদুল মাহদি ‘সহিংসতা সহ্য করা হবে না’ বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। সরকারের পতন ঝঞ্জাবিক্ষুব্ধ ইরাককে আরও টালমাটাল পরিস্থিতিতে ঠেলে দেবে বলেও সতর্ক করেছেন তিনি।

বিক্ষোভ সামলাতে সরকারের পদক্ষেপের সমালোচনা করা প্রভাবশালী ইরাকি শিয়া নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলি আল-সিস্তানি জুম্মার খুতবায় সব পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন।