ব্রেক্সিটে দেরি করতে সম্মত ইইউ, দিন নির্ধারণ এখনো হয়নি
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতরা ব্রেক্সিটে দেরি করতে রাজি হয়েছেন। তবে দিন নির্ধারণের ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত হচ্ছে না।
ইউরোপীয় কমিশন জানিয়েছে, বিষয়টি নিয়ে আগামী দিনগুলোতে কাজ চলবে।
ব্রিটিশ চ্যান্সেলর সাজিদ জাভিদ সরকারের সময়সীমা অনুযায়ী আগামী বৃহস্পতিবার নির্ধারিত দিনে ব্রেক্সিট সম্পন্ন করা সম্ভব নয় বলে স্বীকার করে নেওয়ার পর এর সময় বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তিনি ইইউ কি করতে চায় সেই সিদ্ধান্তের ওপর নির্ভর করে আছেন।
বিবিসি জানিয়েছে, ব্রিটিশ এমপি’রা সোমবারই পার্লামেন্টে প্রধানমন্ত্রীর আগাম নির্বাচনের বিষয়টি বিবেচনা করে দেখবেন বলে আশা করা হচ্ছে।
ব্রেক্সিটে অচলাবস্থা এড়াতে জনসন এরই মধ্যে জানিয়েছেন, ইইউ ৩১ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ালে তিনি ১২ ডিসেম্বরে সাধারণ নির্বাচন আয়োজন করতে চান।
তবে তার এ প্রস্তাবে প্রয়োজনীয় সংখ্যক এমপি ভোট দেবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা আছে।
২০১১ সালের ফিক্সট-টার্ম পার্লামেন্ট অ্যাক্ট এর অধীনে নির্বাচন হওয়ার আগে দুই-তৃতীয়াংশ এমপি কে অবশ্যই নির্বাচনের পক্ষে ভোট দিতে হয়।
আগামী সপ্তাহে পার্লামেন্টের ভোটেই এ প্রস্তাবে সমর্থন দেওয়ার জন্য বিরোধী লেবার পার্টিকে আহ্বান জানিয়েছেন জনসন।
তবে লেবার পার্টির বক্তব্য হচ্ছে, তারা নির্বাচনে সমর্থন দেবে কেবল তখনই যখন জনসন চুক্তিহীন ব্রেক্সিটের সম্ভাবনা নাকচ করে দেবেন।
