২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় তুর্কি অভিযানের মধ্যেই বাকী সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

তুরস্ক সিরিয়া অভিযানের আওতা দক্ষিণ-পশ্চিমে আরো বাড়ানোর পরিকল্পনা করায় যুক্তরাষ্ট্র সিরিয়ার উত্তরাঞ্চল থেকে বাদবাকী সেনাও প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। সেনারা এলাকা ছাড়ার প্রস্ততি নিচ্ছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Oct 2019, 10:15 PM

Updated : 08 Apr 2022, 04:51 PM

এনবিসি নিউজকে ওই কর্মকর্তা বলেন, মাঠ পর্যায়ে দ্রুত পরিস্থিতির অবনতি ঘটছে। জঙ্গি গোষ্ঠী আইএস এর শত শত সমর্থক বন্দিশিবির থেকে পালিয়ে যাচ্ছে। মার্কিন বাহিনী সেখানে ঝুঁকির মধ্যে আছে। তাছাড়া, তুরস্কের সেনাদের সঙ্গেও মার্কিন সেনাদের সংঘাতের ঝুঁকি বাড়ছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার রোববার সিবিএস নিউজের ‘ফেস দ্য ন্যাশন’ প্রোগ্রামে এক সাক্ষাৎকারে বলেছেন, “প্রায় ১ হাজার সেনা যত দ্রুত সম্ভব নিরাপদে ওই এলাকা ছেড়ে চলে যাবে।”

আর তুরস্কের হামলা মোকবেলা করার জন্য যুক্তরাষ্ট্রের কুর্দি-নেতৃত্বাধীন মিত্র বাহিনী ‘দ্য সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) রাশিয়ার সঙ্গে চুক্তি করার চেষ্টা করছে বলেও ইঙ্গিত দিয়েছেন মার্ক এসপার।

তিনি বলেন, “২৪ ঘণ্টায় আমরা জানতে পেরেছি যে, তুর্কিরা আরো দক্ষিণে এবং পশ্চিমে এগিয়ে গিয়ে হামলার পরিকল্পনা করেছে। আর একই সময়ে আমরা এটাও জেনেছি যে এসডিএফ উত্তরে তুর্কি হামলার পাল্টা জবাব দিতে রাশিয়ানদের সঙ্গে চুক্তির চেষ্টা চালাচ্ছে।”

সেখানকার পরিস্থিতি মার্কিন বাহিনীর জন্য খুবই নজুক উল্লেখ করে এসপার বলেন, গতরাতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কথা হয়েছে এবং প্রেসিডেন্ট উত্তর সিরিয়া থেকে সেনাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

আইএসবিরোধী যুদ্ধে কুর্দিদের প্রধান পশ্চিমা মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ওই এলাকা থেকে মার্কিন সেনা সরিয়ে নিলে আঙ্কারার অভিযানের পথ প্রস্তুত হয়। সেনা সরিয়ে নিয়ে দেশবিদেশে তুমুল সমালোচনারও মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট।