মুম্বাইয়ে ভারি বর্ষণের পূর্বাভাসে ২৪ ঘণ্টার ‘রেড এলার্ট’
ভারতের মুম্বাইয়ে রাতভর বৃষ্টিতে নগরীর অনেক জায়গা পানিতে তলিয়ে গেছে। ব্যাহত হয়েছে উড়োজাহাজ ও ট্রেন চলাচল। আরো ভারি বৃষ্টিপাতের আভাস পাওয়ায় নগরীতে ২৪ ঘণ্টার ‘রেড এলার্ট’ জারি করা হয়েছে।
বুধবারেও মুম্বাইয়ে বৃষ্টিতে মিঠী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় আকস্মিক বন্যার আশঙ্কায় নদীতীরবর্তী এলাকায় উদ্ধার কাজ শুরু হয়েছে বলে জানায় এনডিটিভি। তীরের বাসিন্দাদের অস্থায়ীভাবে বিএমসি শেল্টারে নিয়ে যাওয়া হয়েছে।
মুম্বাইয়ে সাধারণত সেপ্টেম্বর মাসে গড়ে যে বৃষ্টিপাত হয় মঙ্গলবার রাতে তারচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক কেএস হোসালিকার।
নগরীর বিভিন্ন সড়ক তলিয়ে যাওয়ায় বুধবার সেখানে ভয়াবহ যানজট দেখা যায়। বৃষ্টির কারণে হিন্দুদের ধর্মীয় উৎসব গণেশ চতুর্থী উদযাপনও প্রভাবিত হয়েছে।
