২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্প পরিবার নিয়ে তথ্য ফাঁস করে বরখাস্ত পিএ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবার এবং হোয়াইট হাউজের নানা বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলে চাকরি খুইয়েছেন ট্রাম্পের ব্যক্তিগত সহকারী মেডেলিন ওয়েস্টারহাউট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2019, 11:21 PM

Updated : 08 Apr 2022, 04:38 PM

ওয়েস্টারহাউট এ মাসে একটি ডিনারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন- একথা জানার পর ট্রাম্প বৃহস্পতিবার হঠাৎ করেই তাকে সরিয়ে দেন।

যদিও ট্রাম্পের পরিবার সম্পর্কে ওয়েস্টারহাউট ঠিক কি তথ্য দিয়েছেন এবং ট্রাম্পই বা কী করে সাংবাদিকদের সঙ্গে তার আলাপের কথা জানলেন তা এখনো স্পষ্ট নয়।

ট্রাম্পের প্রেসিডেন্সির প্রথম থেকেই ওয়েস্টারহাউট তার পিএ হিসাবে কাজ করছিলেন। হোয়াইট হাউজ তার বরখাস্তের খবরে কোনো মন্তব্য করেনি।

‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকা প্রথম হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাত দিয়ে ওয়েস্টারহাউট বরখাস্ত হওয়ার খবরটি দিয়েছে।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোতে বলা হয়েছে, ট্রাম্পের বক্তিগত সহকারী হওয়ায় হোয়াইট হাউজের ওয়েস্ট উইংয়ে সরাসরি ওভাল অফিসের সামনেই ছিল ওয়েস্টারহাউটের কার্যালয়।

নিউ জার্সির বেডমিন্সটারে ট্রাম্প চলতি মাসের শুরুর দিকে ছুটি কাটানোর সময় ওয়েস্টারহাউট বার্কলে হেইটসের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে ‘অফ দ্য রেকর্ড’ ডিনারের সময় ট্রাম্পের পরিবারের নানা বিষয় নিয়ে কথা বলেন।

সিবিএস নিউজ কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ওয়েস্টারহাউট ড্রিংক করতে করতে প্রেসিডেন্টের পরিবার নিয়ে বিস্তারিত আলাপ করছিলেন। সাংবাদিকদের প্রেসিডেন্টের কাছে যাওয়ার সুযোগ খোঁজা নিয়ে তিনি কথা বলেন। সেইসঙ্গে ট্রাম্পের কাছে নিজের অবাধ যাতায়াত নিয়েও ওয়েস্টারহাউট বড়াই করছিলেন।

হোয়াইট হাউজের কয়েকজন কর্মকর্তা অবশ্য ট্রাম্পের প্রতি ওয়েস্টারহাউটের আনুগত্য নেই বলে অনেকদিন থেকেই সন্দিহান। সাবেক এক কর্মকর্তা একবার সিবিএস নিউজকে বলেওছিলেন যে ওয়েস্টারহাউট আসলে একজন গুপ্তচর।

ট্রাম্পের হোয়াইট হাউজ নিয়ে লেখা দুটো বইয়েও বলা হয়েছে, রিপাবলিকান ন্যাশনাল কমিটির সাবেক সহযোগী ওয়েস্টারহাউটকে নির্বাচনের রাতে ট্রাম্পের জয় স্পষ্ট হওয়ার পর বিষন্নবদনে কাঁদতে দেখা গিয়েছিল।

তারপরও ওয়েস্টারহাউট যেভাবেই হোক ট্রাম্পের ব্যক্তিগত সহকারী পদে আসীন হয়েছিলেন।