পেরুতে ইতিহাসের 'সবচেয়ে বড়' শিশু বলির ঘটনার সন্ধান
দেবতাকে খুশি করতে দুই শতাধিক শিশু বলির ঘটনার সন্ধান পেয়েছেন পেরুর পত্নতাত্ত্বিকরা। মানব ইতিহাসে এটিই সবচেয়ে বড় শিশু বলির ঘটনা বলে মনে করা হচ্ছে।
বিবিসি জানায়, পেরুর রাজধানী লিমার উত্তরের উপকূলীয় শহর হুয়ানচাকোতে প্রত্নতাত্ত্বিকরা একটি গণকবর খুঁজে পেয়েছেন। সেখানে পাঁচ থেকে ১৪ বছরের শিশুদের ২২৭টি মৃতদেহ পাওয়া গেছে।
সম্ভবত ৫০০ বছরেরও বেশি সময় আগে ওই শিশুদের বলি দেওয়া হয়েছে।
মাত্র এক বছর আগে পেরুতে আরো দুটি স্থানে শিশুদের গণকবর খুঁজে পাওয়া যায়। সেগুলোতে ছিল দুইশ’ মৃতদেহ।
নতুন গণকবরে পাওয়া মৃতদেহগুলোর কয়েকটিতে এতবছর পরও চুল এবং চামড়া পাওয়া গেছে বলে জানান প্রত্নতাত্ত্বিকরা।
মৃতদেহগুলো পরীক্ষা করে তারা বলেন, খুব সম্ভবত বৃষ্টিভেজা আবহাওয়ায় ওই শিশুদের হত্যা করা হয়। মৃতদেহগুলো সমুদ্রের দিকে মুখ করে কবর দেওয়া ছিল। তা থেকে ধারণা করা হচ্ছে, চিমু সভ্যতার লোকজন তাদের দেবতার সন্তুষ্টির জন্য ওই শিশুদেরকে বলি দিয়েছিল।
পেরুর উত্তর উপকূলে চিমু সভ্যতা গড়ে উঠেছিল। যা ওই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী সভ্যতাগুলোর একটি।
বারশ শতাব্দী থেকে চৌদ্দশ শতাব্দীর মধ্যে চিমু সভ্যতার নাম ছড়িয়ে পড়েছিল। পরে ইনকাদের আক্রমণে চিমু সভ্যতা ধ্বংস হয়ে যায়।
চিমু সভ্যতার লোকজন চাঁদকে দেবতা মানত; যার নাম ছিল ‘শি’। তাদের বিশ্বাস ছিল, চাঁদ সূর্যের চেয়েও শক্তিশালী। দেবতাকে তুষ্ট রাখতে তারা প্রায়ই নরবলি দিত।
গণকবরের জায়গাটিতে এখনো চলছে খননকাজ। সেখান থেকে আরো মৃতদেহ বেরিয়ে আসতে পারে, বলছেন প্রত্নতাত্ত্বিকরা।
একের পর এক মৃতদেহ পাওয়ার ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করে প্রধান প্রত্নতাত্ত্বিক ফেরেন কাস্তিল্লো বলেছেন, “শিশুদের দেহ পাওয়া থামছেই না। যেখানেই খুঁড়ি সেখান থেকেই আরেকটি করে দেহ বেরিয়ে আসে।”
