২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধুর সোশাল মিডিয়া পোস্টের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বন্ধুর পোস্টের কারণে ফিলিস্তিনি এক তরুণকে যুক্তরাষ্ট্রে ঢুকতে না দিয়ে বিমানবন্দর থেকেই ফেরত পাঠিয়েছেন কর্মকর্তারা। ওই তরুণ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে সেখানে গিয়েছিলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2019, 08:41 PM

Updated : 08 Apr 2022, 04:38 PM

বিবিসি জানায়, লেবাননের বাসিন্দা ইসমাইল আজাউই শুক্রবার বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাকে আটকে দেওয়া হয়।

১৭ বছরের ইসমাইল জানিয়েছেন, তাকে আট ঘণ্টা আটকে রেখে জেরা করা হয়। সেইসঙ্গে অভিবাসন কর্মকর্তারা তার ফোন, ল্যাপটপে তল্লাশি চালান। এরপর তার ভিসা বাতিল করে দিয়ে তাকে লেবাননে ফেরত পাঠানো হয়।

ইসমাইলের কথায়, “তারা আমার ফোন ও ল্যাপটপ তল্লাশি করে আমার ভিসা বাতিল করে দেয়। একজন অভিবাসন কর্মকর্তা জানান, তিনি সোশ্যাল মিডিয়ায় আমার ফ্রেন্ড লিস্টে যুক্তরাষ্ট্রবিরোধী রাজনৈতিক পোস্ট খুঁজে পেয়েছেন। আমি বারবার তাদের বলেছি, ওই পোস্টের বিষয়ে আমি কিছু জানি না। আমি সেগুলোতে লাইক কিংবা শেয়ার দেইনি, কোনো মন্তব্যও করিনি। অন্যদের কোনো পোস্টের কারণে আমি দায়ী হতে পারি না। তারপরও তারা আমাকে গ্রহণ করেনি।”

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) এর মুখপাত্র মাইকেল ম্যাকার্থী বলেন, ‘সিবিপি তল্লাশিতে যেসব তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতে’ই ওই শিক্ষার্থীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিন্তু গোপনীয়তার অজুহাত দিয়ে ম্যাকার্থী তল্লাশিতে ঠিক কী খুঁজে পাওয়া গেছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানান।

ভিসা বাতিল হয়ে যাওয়ায় মেধাবী ইসমাইল লেবানন ফিরে যেতে বাধ্য হন। অথচ বৃত্তি নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন তিনি।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, তারা এ সংকট সমাধানে যথাযথ কর্তৃপক্ষ এবং ওই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে আলোচনা করছেন।

আগামী ৩ সেপ্টেম্বর হার্ভার্ডে ইসমাইলের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। তার আগেই সমস্যা সমাধানে পৌঁছার চেষ্টা চলছে বলে জানায় হার্ভার্ড কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের একটি দাতব্য সংস্থা ইসমাইলকে আইনি সহায়তাও দিচ্ছে। এ বছর জুনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয় দেশটিতে ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন নিয়ম সংযোজন করে।

এ নিয়মে সব আবেদনকারীকে ভিসার জন্য প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রের সঙ্গে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ একাউন্টের তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

সেখানে সুস্পষ্ট করে বলা হয়েছে, ভ্রমণকারীদের তাদের সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করা নাম ও একাউন্ট সম্পর্কিত তথ্য এবং পাঁচ বছর ধরে ব্যবহার করা সব ইমেইল আইডি ও ফোন নম্বর দিতে হবে।