অচিরেই টানা বৃষ্টির সম্ভাবনা নেই আমাজনে
দাবানলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় চিরহরিৎ বনাঞ্চল আমাজন। আগুন নেভাতে ব্রাজিল সরকার কিছু উদ্যোগ নিলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। আগুন যেভাবে ছড়িয়েছে তাতে টানা বৃষ্টিপাতই কেবল পারে তা নিয়ন্ত্রণ করতে।
কিন্তু আপাতত এমন কোনো সুখবর নেই আবহাওয়াবিদদের কাছে। বরং তারা জানিয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত আমাজন অঞ্চলে টানা বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এ সময়ে সেখানে মাঝে মধ্যে বৃষ্টি হলেও তা আগুন নেভার জন্য যথেষ্ট নয়।
ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা (ইনপে) উপগ্রহ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এ বছর প্রথম আট মাসে দেশটিতে প্রায় ৭৫ হাজার অগ্নিকাণ্ডের কথা জানায়। যা গত বছর একই সময়ের তুলনায় ৮৫ শতাংশ বেশি। ওইসব অগ্নিকাণ্ডের বেশিরভাগই আমাজন অঞ্চলে।
তবে শুধু ব্রাজিল নয়, প্রতিবেশী বলিভিয়াতেও প্রায় ১০ হাজার স্কায়ার কিলোমিটার এলাকা জুড়ে আগুন জ্বলছে।
ব্রাজিল সরকার আগুন নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করেছে। সেনাবাহিনী যুদ্ধবিমান ব্যবহার করেও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কিন্তু ওই ব্যবস্থা কেবলমাত্র ছোট আকারের আগুন নেভাতে সক্ষম বা বড়জোর নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়া রোধ করতে পারবে। দাবানল পুরো নিয়ন্ত্রেণে চাই টানা বৃষ্টি।
আমাজন অঞ্চলে সাধারণত সেপ্টেম্বরের শেষ দিকে বর্ষা মৌসুম শুরু হয় এবং পুরো অঞ্চলে বৃষ্টি ছড়িয়ে পড়তে আরো সপ্তাহের বেশি সময় লাগে। অর্থাৎ, আমাজনে বর্ষা মৌসুম শুরু হতে আরো আগামী অন্তত ১৫ দিন সময় লাগবে।
এই সময়ে বৃষ্টির অভাবে সেখানে দাবানল ভয়ঙ্কর রূপ নেবে বলে আশঙ্কা ইউনিভার্সিটি অব সাও পাওলোর অধ্যাপক মারিয়া সিলভা দিয়াসের।
তিনি বলেন, “আগামী কয়েক দিনে আমাজনের উত্তরপশ্চিম ও পশ্চিমাংশে বৃষ্টি দেখা গেলেও পূর্বাঞ্চল সম্পূর্ণ শুষ্ক থাকবে।
“যেহেতু বেশি বৃষ্টি হবে না তাই কিছু কিছু এলাকায় আগুন নিভলেও পুরো দাবানল নিয়ন্ত্রণে আসবে না। পুরো আমাজন অঞ্চলে দাবানল সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে হবে। কেবল মাত্র অক্টোবরেই হয়ত তা দেখা যাবে।”
ঘণ্টায় বা দুই ঘণ্টায় অন্তত ২০ মিলিমিটার বৃষ্টি হলেই কেবল আমাজন আগুন মুক্ত হবে বলেও জানান তিনি। স্পেস রিসার্চ এজেন্সি আইএনপিই’র তথ্য অনুযায়ী, পেরু সীমান্তবর্তী ব্রাজিলের পশ্চিমের অঙ্গরাজ্য স্টেট অব একরে’তে আগে বৃষ্টি শুরু হবে।
আগামী ১৫ দিনে ওই রাজ্যের পশ্চিম অংশে ৫৭ দশমিক ৬ মিলিমিটার এবং পূর্ব অংশে ৩৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
আগুনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রনডোনিয়া ও সাউদার্ন আমাজন্স রাজ্যে ওই সময়ে মাত্র ১৫-২৯ মিলিমিটার বৃষ্টি হতে পারে।
কিন্তু আমাজনের পূর্বাঞ্চল আগামী ১৫ দিন শুষ্কই থাকবে।
