দক্ষিণ কোরিয়া থেকে পালিয়ে উত্তর কোরিয়ায় পাড়ি
সাধারণত উত্তর কোরিয়া থেকে পালিয়ে লোকজন দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নেয়। এবার হয়েছে উল্টোটা, দক্ষিণ কোরিয়ার চোয়ে ইন-গুক বিনা অনুমতিতে উত্তর কোরিয়া চলে গেছেন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, তিনি এখন থেকে সেখানেই বসবাস করবেন এবং পুনঃএকত্রীকরণ নিয়ে কাজ করবেন।
দক্ষিণ কোরিয়া থেকে হাতে গোনা যে কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা উত্তরে পালিয়ে গেছেন তাদের একজন হচ্ছেন চোয়ের বাবা দক্ষিণ কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী চোয়ে তক-সিন।
তিনি ৬০ এর দশকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। চোয়ে তক-সিন ১৯৮৬ সালে স্ত্রীকে নিয়ে পালিয়ে উত্তর কোরিয়ায় চলে যান।
আনুষ্ঠানিক কোনো যুদ্ধবিরতি চুক্তি না হওয়ায় দুই প্রতিবেশী দেশ উত্তর ও দক্ষিণ কোরিয়ায় এখনো কার্যত যুদ্ধ চলছে। যে কারণে দক্ষিণ কোরিয়ার বাসিন্দাদের উত্তরে ভ্রমণে যেতে হলে বিশেষ অনুমতি নিতে হয়।
দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় থেকে বলা হয়, চোয়ে তার ভ্রমণের বিষয়ে এ ধরনের কোনো অনুমতি চাননি।
“তিনি ঠিক কিভাবে চলে গেলেন তা এখনো স্পষ্ট নয়। তবে একজন দক্ষিণ কোরীয়র জন্য চীন হয়ে উত্তরে যাওয়া খুবই সহজ হয়ে যায় যখন সেখানকার শাসকের সুনজর তার উপর থাকে।”
চোয়ে ইন-গুক কে?
দক্ষিণ কোরিয়ার নাগরিক ৭৩ বছরের চোয়ের ব্যক্তিগত জীবন বা তার রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে খুব সামান্য তথ্যই পাওয়া গেছে। দক্ষিণে তার স্ত্রী এবং এক মেয়ে বাস করে।
কোরীয় যুদ্ধের অবসানের পর তার বাবাই দক্ষিণ কোরিয়া সরকারের সবচেয়ে উচ্চ পদের কর্মকর্তা ছিলেন যিনি পালিয়ে উত্তর কোরিয়ায় চলে যান।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, চোয়ে পিয়ংইয়ং পৌঁছালে উত্তর কোরিয়ার কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
উত্তর কোরিয়ার একটি ওয়েবসাইটে তিনি বলেন, “আমি মনে করি, আমার বাবা-মার ইচ্ছা পূরণ করার জন্য কোনো দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উপায় হল সেই দেশে বসবাস করা এবং তাদের অনুসরণ করা।
“এ কারণে আমি উত্তর কোরিয়ায় স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছি, যদিও অনেক দেরি হয়ে গেছে।”
একজন ‘বিশ্বাসঘাতকের ছেলে’ হিসেবে দক্ষিণ কোরিয়ায় চোয়ে ইন-গুক এর জীবন মোটেও সহজ ছিল না। তাকে সব সময় এই কলঙ্কের বিরুদ্ধে লড়তে হয়েছে।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চোয়ে বেশ কয়েকবার চাকরি পরিবর্তন করেছেন এবং তাকে তার মায়ের পাঠানো অর্থের উপর নির্ভর করে জীবন চালাতে হয়েছে। ২০১৬ সালে তার মা মারা যান।
গত কয়েক বছর চোয়ে বেশ কয়েকবার উত্তর কোরিয়া ভ্রমণ করেছেন। তিনি মায়ের অন্ত্যেষ্টিক্রিয়াও অংশ নিয়েছেন।
