মুক্ত অস্ট্রেলীয় শিক্ষার্থী গুপ্তচর, অভিযোগ উত্তর কোরিয়ার
উত্তর কোরিয়া কয়েকদিন ধরে আটক রাখার পর মুক্তি দেওয়া অস্ট্রেলীয় শিক্ষার্থীর বিরুদ্ধে বিদেশি সংবাদ মাধ্যমের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ করেছে।
অস্ট্রেলীয় শিক্ষার্থী অ্যালেক সিগলি গত জুনের শেষ দিকে উত্তর কোরিয়ায় নিখোঁজ হওয়ার পর গত বৃহস্পতিবার মুক্তি পান।
পিয়ংইয়ংয়ের সুইডিশ দূতাবাস ও উত্তর কোরীয় সরকারি কর্মকর্তাদের মধ্যে এক বৈঠকের পর ওই শিক্ষার্থী ছাড়া পান বলে জানায় বিবিসি।
সিগলির লেখা প্রকাশ করা ওয়েবসাইট এনকে নিউজ তার বিরুদ্ধে ওঠা গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, “বিদেশি ছাত্রের পরিচয়ে সিগলি অনেকবারই পিয়ংইয়ংয়ের প্রতিটি কোণে ভ্রমণের সময় সংগৃহীত তথ্য, ছবি এবং বিশ্লেষণী লেখা বিদেশি সংবাদ মাধ্যমকে দিয়েছিলেন।”
উত্তর কোরিয়া বিরোধী সংবাদমাধ্যম ‘এনকে নিউজ’ এর অনুরোধে সিগলি এ কাজ করেছিলেন বলে দাবি করেছে কেসিএনএ।
উত্তর কোরিয়ার এ বার্তা সংস্থাটি আরো বলেছে, “সিগলি সততার সঙ্গে তার দোষ স্বীকার করে বারবার এর জন্য ক্ষমা চাওয়ায় মানবিক দিক বিবেচনায় তাকে মুক্তি দিয়ে ফেরত পাঠানো হয়েছে।”
এনকে নিউজ উত্তর কোরিয়ার এ সিদ্ধান্তের প্রশংসা করেছে। সিগলির লেখা যে ছয়টি আর্টিকেল প্রকাশিত হয়েছে তাতে দেশটির রাজধানীর মানুষের দৈনন্দিন জীবযাত্রার চিত্রই তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে এনকে নিউজ।
কিম ইল সুং বিশ্ববিদ্যালয়ে কোরিয়ান সাহিত্য নিয়ে পড়াশোনা করতে যাওয়া সিগলি গত বছর থেকে উত্তর কোরিয়াতেই বসবাস করছিলেন। স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের চেষ্টার পাশাপাশি পশ্চিমা পর্যটকদের কমিউনিস্ট রাষ্ট্রটি ঘুরিয়ে দেখানোর ব্যবসাও ছিল ২৯ বছর বয়সী এ যুবকের।
