২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লোরিডায় শপিং সেন্টারে বিস্ফোরণ, আহত ২১

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি শপিং সেন্টারে বড় ধরনের বিস্ফোরণে খালি একটি রেস্তোরাঁ ধ্বংস হয়ে গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2019, 10:18 AM

Updated : 18 Aug 2022, 05:29 PM

শনিবার দক্ষিণ ফ্লোরিডার প্লানটেশন সিটির এ ঘটনায় অন্তত ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিস্ফোরণের প্রচণ্ড ধাক্কায় রেস্তোরাঁটি চূর্ণবিচূর্ণ হয়ে ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে পড়ে।

দমকলকর্মীরা ঘটনাস্থলে ফেটে যাওয়া গ্যাসের লাইন পেলেও বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

টুইটারে আসা ভিডিওতে দেখা গেছে, প্রচণ্ড বিস্ফোরণের ধাক্কায় পাশের এল. এ. ফিটনেস জিমের বেশ কয়েকটি জানালা উড়ে গেছে।

বিস্ফোরণে আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। তাদের স্থানীয় ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে নগরীর দমকল বাহিনীর উপপ্রধান জোয়েল গর্ডন জানিয়েছেন। অন্যান্যদের আঘাত যেমনটি ‘আশঙ্কা করা হয়েছিল তেমন গুরুতর নয়’ বলে জানিয়েছেন তিনি।

দমকল কর্মীরা ফেটে যাওয়া একটি গ্যাস লাইন পেয়েছে, কিন্তু বিস্ফোরণটি ওই লাইন থেকেই ঘটেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি বলে গর্ডন জানিয়েছেন।