জার্মান ‘আইএস' পত্নীর ৫ বছরের কারাদণ্ড
চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেট বা ‘আইএস'-এর সদস্য হওয়ার অপরাধে ৩২ বছর বয়সী এক নারীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে জার্মানির একটি আদালত৷
জার্মান নারী জাবিনে সিরিয়া ও ইরাকে পাড়ি দিয়েছিলেন আইএসের কোনো যোদ্ধাকে বিয়ে করতে৷ নিজের দুই সন্তানকে বার্লিনে ফেলেই চরমপন্থি আদর্শের পথে পা বাড়ান তিনি৷
ইসলাম ধর্ম গ্রহণ করবার পর ২০১৩ সালের শেষের দিকে সিরিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন জাবিনে৷ ২০১৭ সাল পর্যন্ত ইরাকে ইসলামিক স্টেস্টের সাথেই ছিলেন তিনি৷
সে বছর কুর্দি সেনাদের হাতে ধরা পড়লে তাকে জার্মানিতে ফেরত পাঠাবার প্রক্রিয়া শুরু হয়৷ ২০১৮ সালে ফিরে এলে তাকে গ্রেপ্তার করা হয় ও স্টুটগার্ট শহরের একটি আদালতে শুরু হয় বিচারপ্রক্রিয়া৷ শুক্রবার সেই বিচারের রায় এলো।
সিরিয়ায় গিয়ে জাবিনে যে আইএস-যোদ্ধাকে বিয়ে করেছিলেন, তিনি যুদ্ধক্ষেত্রে মারা গেছেন বলে আদালতে জানিয়েছেন তিনি৷
জাবিনের ভাষ্য অনুযায়ী, ইসলামিক স্টেটের প্রতি তার আকর্ষণের মূল কারণ ছিল শরিয়া আইন। সে কারণেই বার্লিনে দুই সন্তানকে রেখে আগে ইসলাম ধর্মগ্রহণ ও পরে দেশত্যাগ করেন তিনি৷
কিন্তু আইএস-এর হয়ে যুদ্ধে নামার ইচ্ছা তার কখনোই ছিল না বলে দাবি করেছেন এই জার্মান নারী।
সরকারপক্ষের আইনজীবীদের দাবি, সিরিয়া ও ইরাকে থাকাকালে অস্ত্রচালনায় প্রশিক্ষণ নিয়েছিলেন জাবিনে৷
তাছাড়া বার্লিনে থাকার সময়েই বিভিন্ন ব্লগের মাধ্যমে ইসলামী চরমপন্থি বার্তা ছড়াতেন তিনি৷ ওই কার্যকলাপ তিনি দেশ ছাড়ার পরেও চালিয়ে যান৷
তবে জাবিনে আদালতে বলেছেন, একসময় তিনি ইসলামিক স্টেট ছেড়ে দিয়েছিলেন৷
