ক্যালিফোর্নিয়ায় ২০ বছরের মধ্যে সবচে বড় ভূমিকম্প
যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে।
লস অ্যাঞ্জেলসের ১৫০ মাইল দূরের রিজক্রাস্ট শহরের কাছে ভূমিকম্পটির উৎপত্তি বলে জানিয়েছে বিবিসি। শুক্রবারও ভূমিকম্পের পরাঘাত অনুভূত হয়েছে।
জরুরি উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ চালানোসহ লোকজনকে চিকিৎসা সেবা দিয়েছে। ক্যালিফোর্নিয়ার প্যাসিফিক উপকূলে নেভাদায় লাস ভেগাস থেকে লস এঞ্জেলেস পর্যন্ত ভূকম্পন টের পাওয়া গেছে।
শুক্রবার ভূমিকম্পের পরাঘাতের মাত্রা ছিল ৫ দশমিক ৪। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর জানাতে পারেননি কর্মকর্তারা।
তবে ভূমিকম্পের উৎপত্তিস্থল রিজক্রাস্ট শহরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিবিসি’কে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা। তিনি বলেন, সৌভাগ্যবশত ভূমিকম্পটি হয়েছে মানববসতি থেকে দূরে।
ভূমিকম্পের ফলে ওই এলাকার রাস্তাঘাট ভেঙে গেছে, বৈদ্যুতিক লাইন ছিঁড়ে গেছে, অনেক বাড়িঘরের জানালা ভেঙেছে, দেয়ালও ফেটেছে।
