২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে দাসত্বের শিকার ‘চার শতাধিক’, অভিযুক্তদের জেল

মানুষকে দাসত্বে ব্যবহারের সবচেয়ে বড় একটি সংঘবদ্ধ অপরাধ চক্র ভেঙে দিয়েছে যুক্তরাজ্য। এ চক্রের খপ্পরে পড়ে চার শতাধিক মানুষ আধুনিক দাসত্বের শিকার হয়েছে বলেই পুলিশের ধারণা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2019, 08:57 PM

Updated : 08 Apr 2022, 04:24 PM

বিচারে চক্রটির ৫ সদস্যের কারাদণ্ড হয়েছে এবং আরো ৩ জন সাজার মুখে আছে। চক্রটি ওইসব মানুষকে ওয়েস্ট মিডল্যান্ডসে জোর করে কাজে বা দাসত্বে ব্যবহার করেছে বলে পুলিশ ধারণা করছে।

উন্নত জীবন এবং ভালো চাকরির প্রলোভন দেখিয়ে পোল্যান্ড থেকে তাদেরকে ইংল্যান্ডে নিয়ে আসা হয়। মূলত গৃহহীন, জেলখাটা মানুষ এবং মদ্যপদেরকেই শিকারে পরিণত করেছে চক্রটি।

একাজে জড়িত ৮ জন দুটো মামলায় অর্থ পাচার, মানব পাচার এবং মানুষকে দাসত্বে ব্যবহারের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে। তারা অপরাধে জড়িত দুটো পোলিশ পরিবারের সদস্য ও সহযোগী বলে জানিয়েছে বিবিসি।

চক্রের ৫ সদস্যকে চার বছর, ছয়মাস এবং ১১ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। বিচারের সময় পালিয়ে যাওয়া একজনকেও সাজা দেওয়া হবে। ২০১৫ সালে দাসত্বের শিকার দুইজন পালিয়ে গিয়ে বিচার চাইতে সক্ষম হওয়ার পর অপরাধ চক্রটি ভেঙে পড়েছিল।

দাসত্বের শিকার হওয়া মোট ৯২ জনকে চিহ্নিত করা গেছে। তবে পুলিশের ধারণা, আরো অন্তত ৩৫০ জন ওই চক্রের নিপীড়নের শিকার হয়েছে। তারা হয় দেশ ছেড়ে চলে গেছে অথবা বিচারপ্রক্রিয়ায় কোনো প্রমাণ দেওয়ার সাহস করেনি।

চক্রের সদস্যরা ফুসলিয়ে নিয়ে আসা মানুষগুলোকে দৈন্যদশায় রাখা ছাড়াও তাদেরকে দিয়ে জোর করে কাজ করানো এবং কাজ করতে না চাইলে তাদেরকে মারধর করা, ভয় দেখানো এমনকী তাদের পরিবারের সদস্যদের ওপর চড়াও হওয়ারও হুমকি দিয়েছে।

কাউকে কাউকে নিজের কবর খুঁড়তে জঙ্গলে নিয়ে যাওয়ার ভয় দেখানো হয়েছে। আবার কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হওয়া কাউকে আহত অবস্থাতেই কোনো চিকিৎসা না দিয়ে কারখানায় কাজ করতে বাধ্য করা হয়েছে।