ইমেলদা মার্কোসের জন্মদিনের খাবার খেয়ে অসুস্থ ২৬১
আবারও খবরের শিরোনামে ইমেলদা মার্কোস। ফিলিপিন্সের সাবেক এই ফার্স্ট লেডির ৯০তম জন্মদিন উদযাপনে বিশাল আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে খাবার খেয়ে ২৬১ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
ম্যানিলার অভিজাত এলাকা প্যাসিগ সিটির ‘ইনারিস স্পোর্টস সেন্টারে’ বুধবার জন্মদিনের ওই আয়োজন করা হয়। প্রায় আড়াই হাজার অতিথি অনুষ্ঠানে এসেছিলেন।
দুপুরের খাবার খাওয়ার পর অতিথিরা অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। তাদের মধ্যে খাদ্যে বিষক্রিয়ার লক্ষণ দেখা দেয়।
প্রথমে পেট ব্যাথার পর তারা বমি করতে শুরু করেন। অসুস্থ ২৬১ জনকে বিকালে নগরীর নয়টি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইমেদলা সুস্থ আছেন বলে জানান তার চিফ অব স্টাফ।
ফিলিপিন্সের সাবেক স্বৈরশাসক ফের্দিনান্দ মার্কোসের স্ত্রী ইমেদলা তার দামি দামি জুতা, গহনা এবং চিত্রকর্মের জন্য বিশ্বজুড়ে পরিচিত এবং দারুণ সমালোচিত ছিলেন।
দুপুরের খাবারে অতিথিদের ভাত, সিদ্ধ ডিম এবং মুরগির মাংস দিয়ে তৈরি ফিলিপিন্সের একটি ঐতিহ্যবাহী খাবার ‘আদোবো’ দেওয়া হয়েছিল।
এ ঘটনার পর ইমেলদার মেয়ে ভবিষ্যৎ সিনেটর ইমি মার্কোস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক পোস্টে বলেন, “হয়তো খাবার নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু আমরা এখনো একসঙ্গে আছি।
“যারা হাসপাতালে ভর্তি আছেন আসুন শুধু তাদের যত্ন করি এবং আশা করছি আমরা তাদের প্রত্যের সঙ্গে দেখা করতে পারবো।”
ইমেলদার জীবন ঘিরে রহস্যের অন্ত নেই। তার জন্মদিনে অতিথিদের অসুস্থ হয়ে পড়া নতুন এক রহস্যের জন্ম দিয়েছে।
১৯৮৬ সালে গণআন্দোলনের মাধ্যমে ফের্দিনান্দ মার্কোস ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর ইমেলদার বিরুদ্ধে বেশ কয়েকটি প্রতারণার মামলা হয়েছে।
বড় অংকের অর্থ পাচারের অভিযোগে এক মামলায় গত বছর তাকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ইমেলদা ওই অভিযোগ অস্বীকার করে রায়ের বিরুদ্ধে আপিল করেছেন এবং জামিন পেয়েছেন।
