জাপানে ভারী বৃষ্টিপাতের পর ৮ লাখ বাসিন্দাকে সরানোর উদ্যোগ
ভারী বৃষ্টিপাতের পর ভূমিধস ও বন্যার আশঙ্কায় জাপানের তিনটি শহরের প্রায় আট লাখ বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিবিসি জানিয়েছে, কিউশু দ্বীপের কাগোশিমা বিভাগের কাগোশিমা, কিরিশিমা ও আইরা শহর কর্তৃপক্ষ বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।
ভূমিধসে বাড়ি চাপা পড়ে কাগোশিমা শহরের বাসিন্দা এক বৃদ্ধা নিহত হয়েছেন।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এই শহরগুলোর বাসিন্দাদের ‘তাদের জীবন রক্ষার জন্য পদক্ষেপ’ নিতে বলেছেন।
পার্শ্ববর্তী মিয়াজাকি বিভাগের প্রায় তিন লাখ ১০ হাজার বাসিন্দাকেও সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহওয়া কর্মকর্তারা জানিয়েছেন, কিউশু দ্বীপে শুক্রবার থেকে কয়েক দিনের মধ্যে এক হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
গত বছরের জুলাইতে জাপানের পশ্চিমাঞ্চলে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় প্রায় ২০০ লোকের মৃত্যু হয়েছিল। ১৯৮২ সালের পর থেকে জাপানে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এটিই ছিল সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।
