ইরানের ইউরেনিয়াম মজুদ ‘চুক্তির সীমা ছাড়িয়েছে’
বিশ্ব শক্তির সঙ্গে ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ইরান নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধির মাত্রা হ্রাসে মজুদের পরিমাণ যে সীমার মধ্যে রাখতে রাজি হয়েছিল তা অতিক্রম করেছে বলে জানায় দেশটির সংবাদমাধ্যম।
বিবিসি জানায়, পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে দেশটির নিউজ এজেন্সি আইএসএনএ সোমবার এ খবর দিয়েছে।
আইএসএনএ’র খবরে বলা হয়, তিনশ কেজির যে সীমা বেঁধে দেওয়া হয়েছিল ইরান অতিক্রম করেছে বলে পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন।
সোমবার বিকালে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ আইএসএনএ কে বলেন, “পরিকল্পনা অনুযায়ী ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধির পরিমান তিনশ কেজি ছাড়িয়েছে। আমরা আগেই এ ঘোষণা দিয়েছিলাম।
“আমরা পরিষ্কার ভাবেই বলেছিলাম আমরা কী করবো এবং আমরা সে অনুযায়ী কাজ করছি। এটাকে আমরা যৌথ সামগ্রিক কর্ম পরিকল্পনার অধীনে আমাদের অধিকার বলেই বিবেচনা করছি।”
আইএসএনএ তে খবর প্রকাশের পর ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সি (আইএইএ) এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করবে বলে জানিয়েছে।
ইরান পরমাণু চুক্তি থেকে সরে গিয়ে যুক্তরাষ্ট্র দেশটির উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল এবং নতুন করে আরো কিছু নিষেধাজ্ঞা আরোপের পর তেহরান আগেই তাদের ইউরেনিয়াম সমৃদ্ধির গতি বাড়ানোর কথা জানিয়েছিল।
ইউরোপের দেশগুলো তখন সতর্ক করে বলেছিল, চুক্তির কোনো ধরনের লঙ্ঘনের পরিণতি ভালো হবে না।
বিবিসি জানায়, আইএইএর প্রতিবেদনে যদি সীমা লঙ্ঘনের বিষয়টি নিশ্চিত হয় তবে পরমাণু চুক্তির কারণে দেশটির উপর থেকে যেসব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল সেগুলো পুনর্বাহাল হবে।
যদিও এফএআরএস নিউজ এজেন্সি কারো নাম প্রকাশ না করে বলেছে, আইএইএ পরিদর্শকরা সোমবার ইরানের ইউরেনিয়াম মজুদ মেপ দেখেছে এবং সেটা চুক্তির সীমা অতিক্রম করেছে বলে নিশ্চিত করেছে।
বিবিসি থেকে খবরের সত্যতা যাচাইয়ে আন্তর্জাতিক সংস্থাটির সঙ্গে যোগাযোগ করা হলে তাদের মুখপাত্র বলেন, “আমাদের পরিদর্শকরা এখনো মাঠে কাজ করছেন এবং যত দ্রুত সম্ভব তারা আইএইএর প্রধান কার্যালয়ে তাদের প্রতিবেদন জমা দেবেন।”
গত ২০ জুন দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে কুহমোবারকের কাছে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করে ইরান।
যার জেরে ট্রাম্প দেশটির উপর হামলার অনুমোদন দিলেও পরে পিছু হটে যান।
বৈরী দুই দেশে এমন উত্তেজনার মধ্যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধি দ্রুত বৃদ্ধির খবর আগুনে ঘি ঢালবেই।
