২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে ২৭ লাখ রুপির জুতা দেখে বিস্মিত অভিনেতা ঋষি কাপুর

জুতা নিয়ে বেহিসেবি ব্যয় একেবারে নতুন না হলেও একজোড়া স্নিকারের দাম প্রায় ৩১ লাখ টাকা শুনে অনেকের মাথাই চক্কর দিতে পারে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2019, 03:37 PM

Updated : 10 Oct 2022, 09:13 PM

নিউ ইয়র্কের এক জুতার দোকানে গিয়ে দাম দেখে অনেকটা এমন অনুভূতিই হয়েছে বলিউড অভিনেতা ঋষি কাপুরের।

টুইটারে তিনি দোকানটির বিভিন্ন দামি স্নিকার ও এর মূল্যসম্বলিত ট্যাগও শেয়ার করেছেন বলে জানিয়েছে এনডিটিভি।

নিউ ইয়র্কের অন্যতম বড় এ দোকানে জুতার দাম শুরুই হয়েছে ৫ হাজার ডলার থেকে; বাংলাদেশি টাকায় যা হবে চার লাখ টাকারও বেশি।

দোকানটিতে এমন জুতাও আছে, যেগুলোর দাম ৪০ হাজার ডলার (প্রায় ৩১ লাখ টাকা), বলেছেন ঋষি কাপুর।

“নিউ ইয়র্কে আমার দেখা সবচেয়ে বড় স্নিকারের দোকানে ১২ হাজারের বেশি নকশার ও মডেলের জুতা আছে,” বলেছেন এ অভিনেতা।

বিশ্বজুড়ে স্নিকারের বাজার মিলিয়ন ডলারের শিল্প; সাম্প্রতিক সময়ে এ ধরনের জুতার চাহিদা এতটাই বেড়েছে যে বিরল কিছু জুতার ক্ষেত্রে দাম শুনে যে কারও চক্ষু ছানাবড়া অবস্থা হবে।

সেরকমই কিছু জুতার ছবি শেয়ার করে ঋষি লিখেছেন, “নিচের দামগুলো বড় করে দেখো। আর এই কথা স্মরণ কর- ‘জুতা সোনা কি রুপা দিয়েই বানানো হোক, পায়েই তো পরতে হবে’। যতসব পাগলামি।” 

এনডিটিভি বলছে, নিউ ইয়র্কের দোকানটির ওই জুতাগুলো সোনা বা রুপা দিয়ে বানানো হোক বা না হোক, বিলাসী পাদুকার ক্ষেত্রে এগুলো নিশ্চয়ই কয়েক কদম এগিয়েই থাকবে।

ক্যান্সারের চিকিৎসা শেষে সেরে ওঠার অপেক্ষায় থাকা ঋষি কাপুর এখন সপরিবারে নিউ ইয়র্কে আছেন।