২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জি-২০ সম্মেলনে মোদী-ট্রাম্প বৈঠক, বিশেষ জোর বাণিজ্যে

জাপানের ওসাকায় জি-২০ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2019, 10:55 PM

Updated : 08 Apr 2022, 04:22 PM

শুক্রবার এ বৈঠকের আলোচনায় বিশেষভাবে স্থান পেয়েছে দ্বিপক্ষীয় বাণিজ্য। এছাড়াও, প্রধান কয়েকটি বিষয়ের মধ্যে ইরান, ইরাক সমস্যা, ৫জি প্রযুক্তি, দুই দেশের মধ্যে সুদৃঢ় সম্পর্ক এবং প্রতিরক্ষা ছিল বলে জানিয়েছে ‘দ্য হিন্দু’ পত্রিকা| তবে এস-৪০০ ইস্যুতে কোনো আলোচনা হয়নি দুই নেতার মধ্যে।

বৈঠকে বাণিজ্যকে গুরুত্ব দেওয়ার আভাস আগেই দিয়েছিলেন ট্রাম্প। বৈঠকের আগেই তিনি বলেছিলেন, ‘‘আমরা একটি বড় ঘোষণা করতে চলেছি, বিরাট বাণিজ্যিক চুক্তি। বাণিজ্য ও উত্পাদন ক্ষেত্রে ভারতের সঙ্গে আমরা বড় কাজ করছি|”

সপ্তদশ লোকসভা নির্বাচনে বিপুল বিজয়ের পর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মোদীর এটিই  প্রথম বৈঠক। বৈঠকের সময় মোদী ইরান, প্রতিরক্ষা. দ্বিপাক্ষীয় সম্পর্কের মতো বিষয়গুলি নিয়ে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন। অন্যদিকে ট্রাম্প বলেন, ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বে তিনি আশাবাদী।

এবারের ট্রাম্প-মোদী বৈঠক থেকে দু’দেশের শুল্ক বিবাদ মেটানো নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। এ ব্যাপারে ভারতের বাণিজ্য শুল্কের বিষয়টি নিয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দ্রুত আলোচনায় বসবেন বলে ঠিক হয়েছে।

এক দেশ অপর দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর পাল্টাপাল্টি শুল্কারোপ করা থেকেই দু’দেশের মধ্যে বাণিজ্য ক্ষেত্রে শুরু হয়েছিল এ ঠান্ডা লড়াই। ট্রাম্প প্রশাসন চায় ভারতের প্রধানমন্ত্রী মোদী বাণিজ্য বাধা কমিয়ে ষুষ্ঠু এবং পারষ্পরিক বাণিজ্যকে সাদরে গ্রহণ করুন।