ধর্ষণ রোখায় মা-মেয়েকে মারধর, মাথা মুড়িয়ে শাস্তি
ধর্ষণ রুখে দেওয়ার নির্মম শাস্তি পেতে হয়েছে মা ও মেয়েকে। দু’জনকেই বেধড়ক পিটিয়ে মাথা মুড়িয়ে ঘোরানো হয়েছে গোটা গ্রাম।
ভারতে বিহারের বৈশালীতে ঘটেছে এ ঘটনা। পুলিশ জানিয়েছে, স্থানীয় এক কর্মকর্তাসহ একদল লোক ওই মা-মেয়ের বাড়িতে ঢুকে তাদেরকে ধর্ষণের চেষ্টা চালায়। তখন মেয়েটির মা তাতে বাধা দেওয়ায় তাকে মার খেতে হয়।
পুলিশ অভিযুক্ত সাতজনের মধ্যে ২ জনকে গ্রেফতার করেছে। বাকি ৫ জনের খোঁজ চলছে।
মারধরের শিকার ওই মা এএনআই বার্তা সংস্থাকে বলেছেন, তাদেরকে ছড়ি দিয়ে পিটিয়ে গোটা শরীরেই জখম করে দেওয়া হয়েছে। পেটানোর পর এক নাপিতকে দিয়ে দুইজনেরই মাথা ন্যাড়া করে সারা গ্রামে ঘোরানো হয়েছে।
গোটা ঘটনায় নীরব ছিল প্রতিবেশীরা। সন্ধ্যার পর পুলিশে অভিযোগ জানান মা ও মেয়ে। মেয়েটির অভিযোগ, খুরশিদ নামে এক যুবক কয়েক মাস ধরে তাকে বিরক্ত করছে।
বিবিসি জানায়, রাজ্য নারী কমিশন এ ঘটনার নিন্দা জানিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে।
ভারতে এমন ঘটনা এটিই প্রথম নয়। এর আগে এপ্রিলে একটি কিশোরী ধর্ষণে বাধা দেওয়ায় তাকে এসিড মারা হয়। এরও কয়েকমাস আগে বিহারে এক নারীকে মারধরের পর নগ্ন করে গ্রাম ঘোরানো হয়।
