২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে বন্দিশিবিরে অনশনরত নাইজেরীয় মৃত্যু

উন্নত জীবনের আশায় নাইজেরিয়া থেকে জাপানে পাড়ি জমিয়ে তিন বছর ধরে আছেন বন্দিশিবিরে। মুক্তির দাবিতে শুরু করেছিলেন আমরণ অনশন। শেষ পর্যন্ত মরণই ওই নাইজেরীয়কে মুক্তি দিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Jun 2019, 05:10 PM

Updated : 08 Apr 2022, 04:22 PM

২০০৬ সাল থেকে জাপানের বন্দিশিবিরে এটা ১৫তম মৃত্যুর ঘটনা।

অবৈধ অভিবাসীদের জন্য জাপানের বন্দিশিবিরগুলোর মান, বন্দিদের অবস্থা এবং চিকিৎসা প্রয়োজনে নিরাপত্তারক্ষীদের সক্রিয়া নিয়ে অনেক দিন ধরেই সমালোচনা হচ্ছে।

৪০’র কোটায় থাকা ওই নাইজেরীয় সোমবার দক্ষিণের নগরী নাগাসাকির একটি বন্দিশিবিরে মারা যান।

অনশনের এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান বন্দিশিবিরের কর্মকর্তারা।

এ বিষয়ে তারা আর কোনো তথ্য দেননি। এমনকি ওই ব্যক্তির নাম বা তার মৃত্যুর কারণ সম্পর্কেও কিছু বলা হয়নি।

নাগাসাকির ওই বন্দিশিবিরে বন্দিদের সহযোগিতায় কাজ করা দল আরআইএনকে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, দীর্ঘদিন ধরে তাকে বন্দিশিবিরে আটকে রাখার প্রতিবাদে ওই নাইজেরীয় অনশন শুরু করেছিলেন।

রাজধানী টোকিওর উত্তরপূর্বের উসিকু বন্দিশিবিরেও ২৭ বিদেশি মুক্তির দাবিতে অনশন করছেন বলে জানায় দলটি।

আরআইএনকের মুখপাত্র বলেন, এদের কেউ কেউ ৪৭ দিন ধরে অনশন করছেন।

“সেখানে ২৩ বছরের এক ইরানি তরুণ অনশনের কারণে এতটাই দুর্বল হয়ে গেছেন যে তাকে হুইলচেয়ার ব্যবহার করতে হচ্ছে। তিনি দুই বছর আগে আশ্রয় প্রার্থনা করেছিলেন।

“উশিকুতে দুই ব্যক্তি পাঁচ বছর ধরে বন্দি আছেন। এতদিন ধরে অভিবাসন প্রক্রিয়ার কাজ চলা মানবাধিকার লঙ্ঘন ছাড়া আর কিছু না।”

জাপানের ন্যাশনাল ইমিগ্রেশন এজেন্সির এক কর্মকর্তা উশিকু সেন্টারে বন্দিদের অনশনের বিষয়টি স্বীকার করেছেন। তবে সেখানে কতজন অনশন করছেন যে বিষয়ে তিনি কিছু বলেননি।

২০১৮ সালের জুন মাসের তথ্যানুযায়ী জাপানে প্রায় দেড় হাজার বিদেশি বন্দি আছে। যাদের অর্ধেকের বেশি ছয় মাসের বেশি সময় ধরে।

তাদের মধ্যে ৬০৪ জনের আশ্রয় আবেদন বাতিল করা হয়েছে। বাকিদের নানা কারণে বন্দি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজন ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও জাপানে থাকার কারণে বন্দি হয়েছেন।