২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তীব্র তাপপ্রবাহে স্পেনে ভয়াবহ দাবানল

ইউরোপের কয়েকটি অংশে তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোয় তীব্র তাপপ্রবাহে সৃষ্ট ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেনের কাতালুনিয়া অঞ্চল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2019, 11:47 PM

Updated : 08 Apr 2022, 04:22 PM

আগুন নেভাতে সংগ্রাম করছে শত শত অগ্নি নির্বাপণকর্মী। এ অঞ্চলে গত ২০ বছরের মধ্যে এটিই সবচেয়ে মারাত্মক দাবানল এবং তা দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।

বিবিসি জানায়, কাতালুনিয়ার উপকূলীয় নগরী টারাগোনা থেকে ৮০ কিলোমিটার দূরের লা টোরে ডে এসপানিয়োল শহরের কাছে এ দাবানলে অন্তত চার হাজার হেক্টর (১০ হাজার একর) বনাঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে।

দাবানলের কারণে ৩০ জনকে সরিয়ে নেওয়া ছাড়াও বন্ধ করে দেওয়া হয়েছে পাঁচটি সড়ক। কর্মকর্তারা বলছেন, ২০ হাজার হেক্টর বনাঞ্চলও আগুনের করাল গ্রাসে চলে যেতে পারে।

আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রী মিকুয়েল বুচ কাতালান বেতারে বলেছেন, ওই এলাকায় একটি খামারে গাদাগাদি করে রাখা সার গরমে উত্তপ্ত হয়ে বিস্ফোরণ ঘটে এবং অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে সম্ভবত এ দাবানল সৃষ্টি হয়েছে।

স্পেন, ফ্রান্স, ইতালিজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। বুধবার জার্মানি, পোলান্ড এবং চেক রিপাবলিকে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়াবিদরা বলছেন, ইউরোপের এই তাপপ্রবাহের জন্য দায়ী উত্তর আফ্রিকা থেকে বয়ে আসা গরম বাতাস।

স্পেনের পূর্ব ও মধ্যাঞ্চলের মোট ১১টি প্রদেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। উত্তর-পূর্ব এলাকার কোনো কোনো অংশে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে।

ইতালিতেও তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। বিশেষ করে মধ্য ও উত্তরাঞ্চলে। রোমসহ কয়েকটি শহরে সর্বোচ্চ তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আগামী তিনদিনে অনেক দেশেই তাপমাত্রা আরো বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।