২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা শুরু সোমবার থেকে: ট্রাম্প

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, এ নিষেধাজ্ঞা সোমবার থেকেই কার্যকর হবে। তবে নিষেধাজ্ঞাগুলো কী সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Jun 2019, 07:13 PM

Updated : 08 Apr 2022, 04:21 PM

শনিবার ক্যাম্প ডেভিডে যাওয়ার আগে ওয়াশিংটনে ট্রাম্প এক টুইটে এ পদক্ষেপের ঘোষণা দেন। নতুন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়ে মার্কিন সরকার ইরানের ওপর চাপ বহাল রাখার কূটনৈতিক পন্থা নিচ্ছে বলে তিনি ইঙ্গিত দেন।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, “তেহরান যত তাড়াতাড়ি পারমাণবিক অস্ত্র পরিহার করবে আমি তৎক্ষণাৎ তাদের সবচেয়ে ভাল বন্ধু বনে যাব।”

মার্কিন প্রেসিডেন্ট বলেন, সামরিক পন্থা সবসময়ই হাতে আছে। কিন্তু ইরানের সঙ্গে দ্রুতই একটি চুক্তিতে পৌঁছার পথ তিনি খোলা রেখেছেন। এ চুক্তি হলে ইরানের অর্থনীতি চাকা ঘুরবে।

পরে ক্যাম্প ডেভিড থেকে এক টুইটে ট্রাম্প বলেন, “আমরা সোমবার থেকে ইরানের ওপর বড় ধরনের নতুন নিষেধাজ্ঞা আরোপ করছি। আর ইরান থেকে এ নিষেধাজ্ঞা উঠে যাওয়ার দিন কবে আসে এবং ইরান কবে আবার একটি উৎপাদনশীল ও সমৃদ্ধ দেশে পরিণত হয় সে অপেক্ষায় থাকছি।”

ইরানের সঙ্গে টান টান উত্তেজনার এ সময়ে যুক্তরাষ্ট্র তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিল। সবশেষ উপসাগরীয় এলাকায় তেলবাহী ট্যাংকারে হামলা ও ড্রোন ভূপাতিত করার ঘটনার পর ইরানকে দায়ী করে এ নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা জানালেন  ট্রাম্প।