‘এস-৪০০’ নিয়ে যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাবের হুঁশিয়ারি তুরস্কের
রুশ এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা নিয়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করলে এর বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেলভুত কাভুসগলু শুক্রবার এ হুঁশিয়ারি দিয়ে দুই নেটো মিত্র দেশের মধ্যে সংঘাতের নতুন পট প্রস্তুত করেছেন।
টার্কিশ টিভিতে প্রচারিত এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার খড়গের ব্যাপারে কাভুসগলু বলেন, “যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে কোনো নেতিবাচক পদক্ষেপ নিলে, আমরাও একইভাবে পাল্টা পদক্ষেপ নেব।”
রাশিয়ার কাছ থেকে তুরস্কের এস-৪০০ ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থা কিনতে চাওয়া নিয়ে গত কয়েক মাস ধরেই বিরোধে জড়িয়েছে আঙ্কারা এবং ওয়াশিংটন। আগামী মাসে রাশিয়ার এই ক্ষেপণাস্ত্রগুলোর চালান তুরস্কে যাওয়ার কথা রয়েছে।
তুরস্ক এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনলে যুক্তরাষ্ট্র দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার হুমকি দিয়ে রেখেছে। তাছাড়া, এফ-৩৫ যুদ্ধবিমান প্রকল্প থেকেও তুরস্ককে সরানো হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
কিন্তু এ হুমকির মুখেও অনড় অবস্থান প্রকাশ করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “আমরা এস-৪০০’র ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। ফল যাই হোক না কেন, আমরা পিছিয়ে আসব না। এখন এর অর্ডার বাতিল করাও অসম্ভব।”
