২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যাংকারে হামলার দায় প্রত্যাখ্যান করল ইরান

ওমান উপসাগরে দুটি তেলের ট্যাংকারে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করলেও তা প্রত্যাখ্যান করেছে তেহরান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2019, 05:48 PM

Updated : 08 Apr 2022, 04:18 PM

বৃহস্পতিবার কোকুয়া কারেজেস ও ফ্রন্ট আলটেয়ার নামের নৌযানদুটিতে ‘বিস্ফোরণের পর’ আগুন ধরে গেলে ইরানি উদ্ধারকারী দল ট্যাঙ্কার দুটির ৪৪ ক্রুকে নিরাপদে সরিয়ে নেয়।

ওই ঘটনার জন্য ইরানকে দায়ী করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তবে ইরান অভিযোগ অস্বীকার করেছে।

ইরানের রাষ্ট্রীয় টিভিতে পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মৌসাভি বলেছেন, “ইরানকে এরকম একটি সন্দেহজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনার জন্য দায়ী করা নিশ্চিতভাবেই যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে সহজ এবং সস্তা একটি ব্যাপার। এ ধরনের অভিযোগ উদ্বেগজনক।”

তিনি বলেন, আমরা ওই প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করি এবং আমরা খুব অল্প সময়ের মধ্যে ট্যাংকারের ক্রুদেরকে উদ্ধার করেছি।

কি থেকে বিস্ফোরণ ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ যুক্তরাষ্ট্রের অভিযোগকে ‘অন্তর্ঘাতমূলক কূটনীতির’ অংশ বলে উড়িয়ে দিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় চারটি ট্যাঙ্কারে ‘অন্তর্ঘাতমূলক হামলার’ একমাস পর এ ঘটনা ঘটল। ওই ঘটনার জন্যও ওয়াশিংটন তেহরানকে দায়ী করেছিল।

মে-তে সংযুক্ত আরব আমিরাতে হামলার অভিযোগও প্রত্যাখ্যান করেছিল ইরান। শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটিকে যুক্তরাষ্ট্র দায়ী করলেও আরব আমিরাত তাদের তদন্ত প্রতিবেদনে সুনির্দিষ্ট কোনো দেশের দিকে আঙুল তোলেনি।