২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিপক্ষের বিরুদ্ধে বিদেশিরা তথ্য দিলেও নেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারাভিযানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্পর্কে কেউ ক্ষতিকর তথ্য দিলে এমনকী সে তথ্য বিদেশি কোনো দেশ দিলেও তা নেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2019, 08:50 PM

Updated : 08 Apr 2022, 04:18 PM

বুধবার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প একথা বলেন। তবে বিষয়টি নির্বাচনে হস্তক্ষেপ করার সামিল হবে- এমন কথা তিনি মানতে অস্বীকার করেন। ট্রাম্প বলেন, “তাদের কাছে তথ্য আছে, আমি মনে করি, আমি তা নেব।”

২০১৬ সালে এমন একটি ই–মেইল পাওয়ার ক্ষেত্রে তার ছেলের গোয়েন্দা সংস্থা এফবিআই’কে তা জানানো উচিত হত বলে মনে করেন কিনা- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমাকে একটু বিরতি দিন, জীবন  এভাবে চলে না।”

যদিও পরে ট্রাম্প বলেন, তিনি ‘হয়ত’ এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করতেন, যদি তাকে এমন তথ্যর প্রস্তাব দেওয়া হত এবং তিনি ভাবতেন ভুল কিছু একটা হয়েছে।

এনবিসি কে তিনি বলেন, “আপনি নিশ্চয় শুনতে চাইতেন, শুনতে চাওয়াটা দোষের কিছু না।” ট্রাম্প বলেন, “কেউ কোনো দেশ থেকে ফোন করলে এবং আপনার প্রতিদ্বন্দ্বীর ব্যাপারে আমাদের কাছে তথ্য আছে বললে, আমি মনে করি আমি তা শুনতে চাইব।”

বিষয়টি নির্বাচনী প্রক্রিয়ায় বিদেশি শক্তির হস্তক্ষেপের সামিল- এমন ভাবার কারণ আছে কিনা জানতে চাইলে ট্রাম্প তা নাকচ করেন।

তিনি বলেন, “এটি হস্তক্ষেপ না, তাদের কাছে তথ্য আছে, আমি মনে করি, আমি তা নেব। যদি আমি মনে করি সেখানে কিছু ভুল আছে, আমি যাব, হয়ত এফবিআই’য়ের কাছে যাব। যদি মনে করি ভুল কিছু হচ্ছে।”