২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিমের সৎ ভাই জং-ন্যাম ছিলেন সিআইএ তথ্যদাতা: ওয়াল স্ট্রিট জার্নাল

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎভাই কিম জং-ন্যাম যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র তথ্যদাতা ছিলেন বলে জানিয়েছে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’। জং-ন্যাম ২০১৭ সালে মালয়েশিয়া বিমানবন্দরে খুন হন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2019, 08:53 PM

Updated : 08 Apr 2022, 04:17 PM

সোমবার পত্রিকাটি নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির বরাত দিয়ে তাদের প্রতিবেদনে বলেছে, গোয়েন্দা সংস্থা সিআইএ’র সঙ্গে কিম জং ন্যামের এক ধরনের ‘যোগসূত্র’ ছিল। তবে দুয়ের মধ্যে এ সম্পর্কের ব্যাপারে বিস্তারিত কিছু স্পষ্ট জানা যায়নি।

প্রতিবেদনে বলা হয়, “কয়েকজন সাবেক মার্কিন কর্মকর্তা বলেছেন, কিম জং-ন্যাম দীর্ঘদিন উত্তর কোরিয়ার বাইরে থাকায় পিয়ংইয়ংয়ে তার তেমন কোনো প্রভাব ছিল না। তাই তার পক্ষে উত্তর কোরিয়ার কোনো গোপন তথ্য সিআইএ’র হাতে তুলে দেয়া সম্ভব ছিল না।”

“সাবেক ওই কর্মকর্তারা আরও বলেন, কিম জং-ন্যামের সঙ্গে অন্য দেশ, বিশেষ করে চীনের নিরাপত্তা বাহিনীর যোগাযোগ ছিল এটি একরকম নিশ্চিত।”

তবে, এ খবর সম্পর্কে নিরপেক্ষ সূত্রে নিশ্চিত হতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। সিআইএ’ও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।

ওয়াল স্ট্রিট জার্নাল নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির উদ্ধৃতি দিয়ে আরো বলেছে, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে জং-ন্যাম সিআইএ প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে মালয়েশিয়া গিয়েছিলেন। যদিও সেখানে যাওয়ার এটাই একমাত্র কারণ না-ও হতে পারে।

২০১৭ সালে কুয়ালালামপুর বিমানবন্দরে কিম জং-ন্যামকে বিষপ্রয়োগে হত্যা করা হয়। তার মুখে ভিএক্স রাসায়নিক মাখিয়ে দেওয়া হয়েছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার দুই নারীকে আটক করা হয়। চলতি বছর তাদের মুক্তি দিয়েছে মালয়েশিয়া।

উত্তর কোরিয়াই কিম জং-ন্যামকে হত্যা করেছে বলে দাবি দক্ষিণ কোরিয়া ও মার্কিন কর্মকর্তাদের। তবে পিয়ংইয়ং বরাবরই এ অভিযোগ অস্বীকার করে এসেছে।