২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মলদোভায় প্রেসিডেন্ট বরখাস্ত, আগাম নির্বাচন ঘোষণা

মলদোভার প্রেসিডেন্ট ইগর দোদনকে বরখাস্ত করেছে সাংবিধানিক আদালত। সঙ্গে সঙ্গেই ৬ সেপ্টেম্বরে আগাম নির্বাচন ঘোষণা করেছেন নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট পাভেল ফিলিপ। পার্লামেন্টও ভেঙে দিয়েছেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2019, 10:18 PM

Updated : 08 Apr 2022, 04:17 PM

এতে করে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর মধ্যে কয়েকমাস ধরে চলমান অচলাবস্থা আরো বাড়ল।

ফেব্রুয়ারির নির্বাচনে মলদোভায় ইইউ-পন্থি এবং রাশিয়াপন্থি দুই প্রতিপক্ষ দলের মধ্যে কোনটিই সুস্পষ্ট জয় না পাওয়ায় এ অচলাবস্থা বিরাজ করছে।

এখন দীর্ঘ রাজনৈতিক সংকট থেকে দেশটিতে রাস্তায় রাস্তায় সহিংস সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

আগাম নির্বাচন ঘোষণার পদক্ষেপকে অবৈধ ঘোষণা করেছে পার্লামেন্ট। দেশের রাষ্ট্রীয় এবং আইন প্রতিষ্ঠানগুলো প্রভাবশালীদের দখলে চলে যাওয়ার অভিযোগ করেছেন আইনপ্রণেতারা।

রোববার মলদোভার রাশিয়া-সমর্থিত প্রেসিডেন্ট ইগর দোদন পার্লামেন্ট ভেঙে দিতে অস্বীকৃতি জানানোয় সাংবিধানিক আদালত তাকে অপসারণ করে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে ইইউ-পন্থি সাবেক প্রধানমন্ত্রী পাভেল ফিলিপকে নিয়োগ দেয়।

ইইউ-পন্থি এসিইউএম ব্লক এবং দোদনের রাশিয়া সমর্থিত স্যোশালিস্ট পার্টি জোট সরকার গড়ার ঘোষণা দেওয়ার পরই আদালত এ পদক্ষেপ নিল।