২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ চীন সাগরের মিত্রদের কাছে ড্রোন বেচছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরের ৪টি মিত্র দেশের কাছে নজরদারিতে পারদর্শী এমন ৩৪টি ড্রোন বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2019, 02:28 PM

Updated : 08 Apr 2022, 04:16 PM

এশিয়ায় চীনের আচরণকে ওয়াশিংটন আর ‘পাশ কাটিয়ে যেতে পারে না’ বলে ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী প্যাট্রিক শানাহানের মন্তব্যের আগের দিন পেন্টাগন এ ঘোষণা দেয়।

মার্কিন ওই গোয়েন্দা ড্রোনগুলো বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করে ওই অঞ্চলে বেইজিংয়ের কর্মকাণ্ডে লাগাম টানার ক্ষেত্রে ভূমিকা রাখতে সক্ষম হবে বলেও প্রত্যাশা যুক্তরাষ্ট্র প্রশাসনের।

শুক্রবার পেন্টাগন ৪ কোটি ৭০ লাখ ডলারের বিনিময়ে মালয়েশিয়া, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে বোয়িংয়ের বানানো ৩৪টি ঈগলস্ক্যান ড্রোন বিক্রির ঘোষণা দেয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর মধ্যে এক কোটি ৯০ লাখ ডলারে সবচেয়ে বেশি ১২টি ড্রোন কিনছে মালয়েশিয়া। আটটি করে কিনছে ফিলিপিন্স ও ইন্দোনেশিয়া। ভিয়েতনাম নিচ্ছে ছয়টি।

চুক্তির আওতায় এই চারটি দেশকে ড্রোনের পাশাপাশি ২০২২ সালের মার্চ পর্যন্ত এর যন্ত্রাংশ, প্রশিক্ষণ ও অন্যান্য কারিগরি সহযোগিতা দেয়ারও কথা রয়েছে।

শনিবার সিঙ্গাপুরে বার্ষিক শাংরি-লা সম্মেলনে শানাহান অবশ্য দক্ষিণ চীন সাগরকে অস্থিতিশীল করার জন্য সরাসরি চীনের নাম নেননি। যদিও তার বক্তব্যে বেইজিংয়ের দিকেই তীর ছিল।

দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে ফিলিপিন্স, ব্রুনেই, ইন্দোনেশিয়া, তাইওয়ান, মালয়েশিয়া ও ভিয়েতনামের দাবি থাকলেও পুরো এলাকাটিই চীনের নৌবাহিনীর কব্জায় বলে মার্কিনের মিত্র দেশগুলো বিভিন্ন সময়ে অভিযোগ করে আসছে।

সাম্প্রতিক বছরগুলোতে ওই এলাকায় বেইজিংয়ের একের পর এক মহড়াও পেন্টাগনের চিন্তার কারণ হয়ে উঠেছে।

চীন অবশ্য শুরু থেকেই তার বিরুদ্ধে দক্ষিণ চীন সাগরের সামরিকায়ন ও প্রতিবেশী দেশগুলোকে ‘উসকানি দেয়ার’ অভিযোগ অস্বীকার করে আসছে।