২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদান: ৯ মাসের মধ্যে নির্বাচন দেয়ার ঘোষণা সেনা কাউন্সিলের

দুই মাস আগে সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে উৎখাত করে ক্ষমতায় বসা সুদানের সামরিক কাউন্সিল ৯ মাসের মধ্যে নতুন নির্বাচন দেয়ার ঘোষণা দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2019, 12:23 PM

Updated : 08 Apr 2022, 04:16 PM

বিরোধীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর রক্ষক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর মঙ্গলবার সকালের দিকে অন্তর্বর্তীকালীন সেনা কাউন্সিলের (টিএমসি) কাছ থেকে এ ঘোষণা আসে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বিরোধী জোটের সঙ্গে হওয়া সব চুক্তি বাতিলের কথাও জানানো হয়েছে।

টিএমসির নতুন এ ঘোষণা আন্দোলনকারীদের ক্ষোভ আরও উসকে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বশিরের পতনের পর থেকেই বিক্ষোভকারীরা বেসামরিক একটি অন্তর্বর্তীকালীন প্রশাসনের মাধ্যমে আরও দীর্ঘ সময় প্রস্তুতি নিয়ে নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছিলেন।

সোমবার খার্তুমের কেন্দ্রস্থলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাইরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়লে শতাধিক বিক্ষোভকারী হতাহত হয় বলে জানান বিরোধীদের সঙ্গে সংশ্লিষ্ট একদল চিকিৎসক।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিএমসি ‘গণহত্যা চালানোর প্রস্তুতি’ নিয়েছিল বলে অভিযোগ করেছে সুদানিজ প্রফেশনালস অ্যাসোসিয়েশন (এসপিএ)।

এ সংগঠনটিই বশিরবিরোধী বিক্ষোভ ও পরবর্তী আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে।

সোমবারের ওই ঘটনা নিয়ে তদন্ত করার ঘোষণা দিয়েছেন টিএমসির শীর্ষ কর্মকর্তা লেফটেনেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান।

মঙ্গলবার টেলিভিশনে প্রচারিত তার ভাষণেই বিরোধীদের সঙ্গে সব চুক্তি বাতিল ও ৯ মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা আসে।

নির্বাচন পর্যন্ত দেশ পরিচালনায় একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলেও জানান এ সেনা কর্মকর্তা।

বুরহানের সিদ্ধান্ত নিয়ে তাৎক্ষণিকভাবে বিক্ষোভকারীদের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাইরে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলে পড়ার ঘটনায় ইউরোপের বিভিন্ন দেশসহ যুক্তরাষ্ট্র ও আফ্রিকান ইউনিয়ন তীব্র নিন্দা জানিয়েছে।

১৯৯৩ সাল থেকে সুদান যুক্তরাষ্ট্রের করা ‘সন্ত্রাসবাদের মদদদাতা’ রাষ্ট্রের তালিকায় আছে। ২০১৭ সালে ওয়াশিংটন দেশটির ওপর ২০ বছর ধরে থাকা বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেয়।

পুরনো খবর:

সুদানে বিক্ষোভে প্রাণঘাতী সংঘর্ষ, নিহত ১৩