সুদানে বিক্ষোভে প্রাণঘাতী সংঘর্ষ, নিহত ১৩
সুদানের রাজধানী খার্তুমে সামরিক সদরদপ্তরের বাইরে গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১৩ জন নিহত হয়েছে।
সোমবার সকালে বিক্ষোভকারীদের ক্যাম্পে নিরাপত্তা বাহিনীর এ তাণ্ডবের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে।
চিকিৎসাকর্মীরা মৃতের সংখ্যা ১৩ বলে জানানোর পাশাপাশি অনেক মানুষ আহত হয়েছে বলেও জানিয়েছেন।
গত এপ্রিলে সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে উৎখাতের পর এটি দেশটিতে সবচেয়ে ভয়াবহ নৃশংসতার ঘটনা।
বার্তা সংস্থা রয়টার্স ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করেছে। এতে দেখা গেছে, সড়কে লোকজন প্রাণপণে ছুটছে। গুলির শব্দ পাওয়া যাচ্ছে এবং আকাশে স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে। কয়েকটি ভিডিওতে লোকজনকে আহতদের সরিয়ে নিতে দেখা গেছে।
গত ডিসেম্বর থেকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে ক্যাম্প করে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। জায়গাটি এখন পুরোপুরি খালি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
কিন্তু রাজধানীর অন্যান্য সড়কগুলোতে বিক্ষোভকারীদের দেখা যাচ্ছে এবং তারা পুলিশি দমন-পীড়নের বিরুদ্ধে আন্দোলন করছে।
প্রধান বিক্ষোভকারী দলের অভিযোগ, ক্ষমতাসীন সেনা কাউন্সিল তাদের ক্যাম্প ভেঙে দিয়েছে। যাকে তারা ‘তাণ্ডব’ বলে বর্ণনা করেন।
সেনা কাউন্সিল ওই অভিযোগ অস্বীকার করে বলেছে, ‘উশৃঙ্খল একটি দল’ নিরাপত্তা বাহিনীর উপর হামলা করেছে।
বিক্ষোভকারীদের সমর্থন করা দল এবং বিরোধী দলগুলো এ ঘটনার পর সেনা কাউন্সিলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে।
