লন্ডনের মেয়র সাদিক খানকে বাক্যবাণে বিঁধলেন ট্রাম্প
বিতর্ক সৃষ্টি করেই যুক্তরাজ্য সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্যে পদাপর্ণের প্রাক্কালে লন্ডনের মেয়র সাদিক খানকে তীব্র বাক্যবাণে বিঁধেছেন তিনি।
সাদিককে চরম ব্যর্থ, অদক্ষ, জঘন্য বলে তিরস্কার করার পাশাপাশি তার উচ্চতা নিয়েও কথা বলতে ছাড়েননি ট্রাম্প।
তিনদিনের রাষ্ট্রীয় সফরে সোমবার যুক্তরাজ্যে পৌঁছান ডনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। যুক্তরাজ্যে এটিই ট্রাম্পের প্রথম সফর। এর আগে গত বছর ফেব্রুয়ারিতে ট্রাম্পের যুক্তরাজ্যে যাওয়ার কথা থাকলেও তার সফর নিয়ে নানা আপত্তি, সমালোচনা ও বিক্ষোভের পর তিনি সফর বাতিল করেন।
ট্রাম্পকে রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানানো নিয়ে এবারও সমালোচনায় সরব হয়েছিলেন লন্ডনের মেয়র সাদিক খান। তার জাবাব দিতে যেন তর সইছিল না ট্রাম্পের।
ট্রাম্পকে বহন করা এয়ার ফোর্স ওয়ান সোমবার সকালে লন্ডনে অবরতরণ করতে না করতেই সাদিক কে নিয়ে তীব্র সমালোচনা করে তার টুইট, “সাদিক খান লন্ডনের মেয়র হিসেবে ভয়াবহ কাজ করছেন।”
“তিনি বোকার মত ‘কদর্যভাবে’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সফরের সমালোচনা করেছেন, যেখানে এখন পর্যন্ত দেশটি যুক্তরাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র।”
“তিনি এক চরম ব্যর্থ মানুষ। আমাকে দিকে নজর না দিয়ে তার লন্ডনের অপরাধ দমনে মনযোগ দেওয়া উচিত।”
ট্রাম্প আরও বলেন, “সাদিক আমাকে নিউ ইয়র্কের অদক্ষ মেয়র ডি ব্লাসিওর কথা মনে করিয়ে দিয়েছেন। যদিও তিনি লম্বায় তার অর্ধেক।”
ট্রাম্প যুক্তরাজ্যে সফরে যাওয়ার একদিন আগেই সাদিক বলেছিলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। কিন্তু ট্রাম্পের জন্য লাল কার্পেট পাতা যুক্তরাজ্যের উচিত হবে না।”
ট্রাম্পের টুইটের পর লন্ডন মেয়র সাদিকের মুখপাত্র বলেন, “ট্রাম্প শিশুদের মত উল্টাপাল্টা কথা বলছেন, বিষয়টা আসলে এর চাইতে অনেক বেশি গুরুতর। এ ধরণের কথা বলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য মর্যাদাহানিকর।”
“সাদিক লন্ডনের প্রগতিশীল মননের প্রতিনিধি। বিশ্বজুড়ে যেহারে চরম ডানপন্থিদের উত্থান হচ্ছে তার সবচেয়ে কুখ্যাত উদাহরণ যে ডনাল্ড ট্রাম্প সে বিষয়ে আমাদের দেশ আগেই সতর্ক করেছে।”
ট্রাম্প ৩ থেকে ৫ জুন পর্যন্ত যুক্তরাজ্য সফর করবেন। এ সময়ের মধ্যে রানি এলিজাবেথ এবং প্রিন্স চার্লসের সঙ্গে সাক্ষাৎ করা ছাড়াও বাকিংহাম প্যালেসে ভোজের পাশাপাশি ওয়েস্টমিনস্টার অ্যাবিতেও যাবেন তিনি।
ট্রাম্পের সফরকালে লন্ডন, মানচেস্টার, বেলফাস্ট এবং বার্মিংহামসহ যুক্তরাজ্যের কয়েকটি শহরে বিক্ষোভের পরিকল্পনা রয়েছে।
