২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে আহত ২২, নিখোঁজ ২

রাশিয়ার মধ্যাঞ্চলীয় জেরঝিনস্ক শহরে একটি বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণে প্রায় ২২ জন আহত ও দুই জন নিখোঁজ রয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2019, 07:19 PM

Updated : 08 Apr 2022, 04:15 PM

শনিবারের এ ঘটনায় কারখানা ভবনটির একটি অংশ ধ্বংস হয়ে গেছে বলে বার্তা সংস্থা টিএএসএস ও ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

“এ পর্যন্ত দুই জন নিখোঁজ রয়েছেন বলে আমরা জানতে পেরেছি,” এক বিবৃতিতে বলেছেন সহকারী গভর্নর দিমিত্রি ক্রাসনভ।

এ ঘটনায় ২২ জন আহত হয়েছেন বলে এক সূত্রের বরাতে জানিয়েছে ইন্টারফ্যাক্স। আহতদের সবাই বিভিন্ন ছিন্ন অংশের আঘাতে আহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

বিস্ফোরণের পর কারখানা ভবনটিতে আগুন ধরে যায়। ভবনটিতে বিস্ফোরক ও গুলি মজুত করা ছিল বলে প্রকাশিত প্রতিবেদনেগুলোতে বলা হয়েছে। যার মধ্যে বিমান থেকে নিক্ষেপযোগ্য বোমাও রয়েছে। 

স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, বিস্ফোরণে ১৯ জন আহত হয়েছেন।

রাশিয়ার ক্রিস্তাল সায়েন্টিফিক ইনিস্টিটিউটের এ কারখানাটিতে উচ্চ বিস্ফোরণ ক্ষমতার বোমা উৎপাদন ও মজুত করা হতো বলে ইন্টারফ্যাক্স জানিয়েছে। এই ইনিস্টিটিউট রাশিয়ার সামরিক ও বেসামরিক কাজে ব্যবহারযোগ্য বিস্ফোরক প্রযুক্তির উন্নয়ন নিয়ে কাজ করে থাকে।  

কারখানাটির এক কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণের সময় ওই ভবনটির ভিতরে পাঁচ জন লোক ছিলেন, তাদের নিরাপদে বের করে আনা হয়েছে।

জেরঝিনস্কের দমকল কর্মীরা জানিয়েছেন, এখনও ওই ভবনের ভিতরে কেউ রয়ে গেছেন কি না তা তাদের জানা নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিগুলোতে বিস্ফোরণ স্থল থেকে ব্যাঙের ছাতার মতো বড় ধরনের একটি ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে।

আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে ও জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে অবস্থান করছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ইন্টারফ্যাক্সকে জানিয়েছেন।

এপ্রিলে জেরঝিনস্কের আরেকটি কারখানায় বিস্ফোরণে তিন জন নিহত হয়েছিল।

নিঝনি নভগোরদের নিকটবর্তী ও রাজধানী মস্কো থেকে ৪০০ কিলোমিটার পূর্বের এই শহরটি বিশ্বের সবচেয়ে দুষিত শহরগুলোর একটি বলে ধারণা করা হয়।