গুপ্তচরবৃত্তির জন্য পাকিস্তানি জেনারেলের যাবজ্জীবন
পাকিস্তানে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও এক চিকিৎসককে গুপ্তচরবৃত্তির অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড দিয়েছে সামরিক আদালত।
পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, ‘‘বিদেশি সংস্থার কাছে দেশের স্পর্শকাতর তথ্য ফাঁস করাসহ গুপ্তচরবৃত্তি’র অভিযোগে তিনজনকে এ শাস্তি দেওয়া হয়েছে।’’
তবে তারা কোন বিদেশি সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তি করেছেন বা ঠিক কী তথ্য ফাঁস করেছেন সে ব্যাপারে কিছু জানায়নি সেনাবাহিনী।
দণ্ড পাওয়া দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হচ্ছেন, লেফ্টেন্যান্ট জেনারেল জাভেদ ইকবাল এবং ব্রিগেডিয়ার রাজা রিজওয়ান। তৃতীয়জন হচ্ছেন, সেনা সংস্থারই চিকিৎসক ওয়াসিম আকরাম।
জাভেদ ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। জাভেদ ইকবাল মিলিটারি অপারেশনের মহাপরিচালকসহ পাকিস্তানি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে ছিলেন। পাকিস্তানের ভিতরে ও বাইরে সেনাবাহিনীর সব কর্মকাণ্ডের পরিকল্পনা ও সব অপারেশন বাস্তবায়ন হয় মিলিটারি অপারেশনের মাধ্যমে। তিনি অ্যাডজুট্যান্ট-জেনারেলের পদেও ছিলেন, সেনাবাহিনীর ভেতরের শৃঙ্খলা ও জবাবদিহি তদারকির দায়িত্ব থাকে যার হাতে।
আর রাজা রিজওয়ান ও ওয়াসিমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন জেল হলেও পাকিস্তানের আইন অনুসারে ১৪ বছর কারবাস করতে হবে জাভেদকে।
বিবিসি সংবাদদাতারা বলছেন, পাকিস্তানে গৃপ্তচরবৃত্তির অভিযোগে এমন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের দোষী সাব্যস্ত হওয়া বিরল ঘটনা।
পাকিস্তানের আইনানুযায়ী, সামরিক আদালতে রুদ্ধদ্বার বিচারে তারা দোষী সাব্যস্ত হন । এরপর আদালত তাদেরকে রায় জানায়।
তবে দেশটির আইন অনুযায়ী, এ রায়কে চ্যালেঞ্জ জানানো বা সেটি পর্যালোচনার আবেদন করতে পারবেন তিনজনই।
