ভারত সীমান্তে আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান
ভারত সীমান্তবর্তী আকাশসীমা বন্ধ রাখার মেয়াদ আগামী ১৪ জুন পর্যন্ত বাড়িয়েছে পাকিস্তান।
পাকিস্তানের সিভিল এভিয়েশন অথরিটির মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বুধবার এ তথ্য জানান। এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য তিনি জানাননি।
গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় একটি সেনা বহরে গাড়ি বোমা হামলায় ৪০ ভারতীয় জওয়ান নিহত হয়। পাকিস্তান ভিত্তিক জঙ্গি দল জইশ-ই-মোহাম্মদ ওই হামলার দায় স্বীকার করে।
যার জেরে বৈরী দুই প্রতিবেশীর মধ্যে আকাশযুদ্ধ বেধে যায়। উভয় দেশের জঙ্গিবিমান পরষ্পরের আকাশসীমা লঙ্ঘন করলে পাকিস্তান সরকার দেশটির পূর্বাঞ্চলের আকাশসীমা বন্ধ করে দেয়।
পাকিস্তানের ওই সিদ্ধান্তের কারণে ভারতের আকাশসীমা ব্যবহার করা বিদেশি অনেক এয়ারলাইন্স বিপদে পড়ে।
বিশেষ করে ইউরোপ থেকে দক্ষিণপূর্ব এশিয়ার দেগুলোতে যাতায়াত করা উড়োজাহাজগুলো পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে না পারায় তাদের অনেকটা ঘুরে পথে যাতায়াত করতে হচ্ছে; খরচও অনেকটাই বেড়ে গেছে।
পাকিস্তান আকাশপথের গুরুত্বপূর্ণ করিডরের মধ্যে পড়ায় প্রতিদিন শত শত বাণিজ্যিক ও পরিবহন উড়োজাহাজকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
যাত্রীদের সময় বেশি লাগছে, এয়ারলাইন্সগুলো গুণছে বাড়তি জ্বালানি খরচ।
