উ. কোরিয়ায় গণবিধ্বংসী অস্ত্র জাতিসংঘ প্রস্তাবনার লঙ্ঘন: যুক্তরাষ্ট্র
উত্তর কোরিয়ার পুরো গণবিধ্বংসী অস্ত্র কর্মসূচিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার লঙ্ঘন আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পর্কে জিজ্ঞেস করা হলে সাংবাদিকদের এমন কথা বলেন মার্কিন পররাষ্ট্রবিভাগের মুখপাত্র মর্গান আর্তাগুজ।
তিনি বলেন, “আমি মনে করি উত্তর কোরিয়ার পুরো গণবিধ্বংসী অস্ত্র (ডব্লিউএমডি) কর্মসূচি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার সঙ্গে সাংঘর্ষিক। যুক্তরাষ্ট্র আলাপ-আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে উত্তর কোরিয়ার এ কর্মসূচির অবসান ঘটাতে সচেষ্ট।”
এমাসে উত্তর কোরিয়ার চালানো ক্ষেপণাস্ত্র পরীক্ষায় জাতিসংঘ প্রস্তাবনা লঙ্ঘন হয়েছে কিনা তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের কথার বৈপরিত্যের প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রণালয়ের অবস্থান পরিষ্কার করে জানাতেই মুখপাত্র মর্গান ওই কথা বলেন।
এর আগে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন শনিবার বলেছিলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় যে জাতিসংঘ প্রস্তাবনা লঙ্ঘন হয়েছে তাতে সন্দেহ নেই। তারা স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছুড়েছে।
ওদিকে, ট্রাম্প বলেছিলেন, “আমার লোকজন মনে করছে এ পরীক্ষায় জাতিসংঘ প্রস্তাবনা লঙ্ঘিত হয়ে থাকতে পারে... আমি বিষয়টিকে ভিন্নভাবে দেখছি। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্ভবত এর মধ্য দিয়ে মনোযোগ আকর্ষণ করতে চাইছেন।”
