বাণিজ্যে ভারসাম্যহীনতা দূর করতে জাপানকে চাপ ট্রাম্পের
চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করার বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ওই অঞ্চলের মিত্র জাপানের সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীনতা দূর করতে চাইছেন। এজন্য তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে চাপ দিচ্ছেন।
চারদিনের সফরে বর্তমানে জাপানে আছেন ট্রাম্প। আবের সঙ্গে বৈঠক শেষে সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, জাপানে যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্যকে যোগ্য সুবিধা দিতে তিনি বাণিজ্য বাধা দূর করতে চান।
তিনি বলেন, “আমাদের মধ্যে অবিশ্বাস্য রকমের বড় ভারসাম্যহীনতা রয়েছে। আপনি জানেন, অনেক অনেক বছর ধরে জাপানের সঙ্গে এই বাণিজ্য ভারসাম্যহীনতা চলছে এবং জাপান বিশাল সুবিধা পাচ্ছে।
“তারা খুব দক্ষ ব্যবসায়ী, দক্ষ মধ্যস্থতাকারী এবং আমাদের খুব বেকায়দায় রেখেছে। তবে আমার মনে হয় আমরা জাপানের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হতে পারব।”
বাণিজ্য ভারসাম্যহীনতা নিয়ে চাপ দিলেও আবের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সম্ভাব্য সম্মেলনের বিষয়ে ট্রাম্প ‘পূর্ণ সমর্থন দেওয়ার’ প্রতিশ্রুতি দিয়েছেন।
আবে নিজেই এ তথ্য জানান বলে জানায় বিবিসি। আবে বলেন, কিমের সঙ্গে ওই বৈঠকে তিনি উত্তর কোরিয়ার পরমাণু নীতি এবং সেখানে জাপানি জিম্মিদের বিষয়ে ‘খোলাখুলি’ আলোচনা করতে চান।
আবে-কিম মুখোমুখি সম্মেলনের বিষয়ে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া থেকে ‘ভাল কিছু’ আসবে বলেই তিনি আশা করছেন।
১৯৭০ ও ৮০’র দশকে জাপানের ১৩ নাগরিককে অপহরণ করার কথা স্বীকার করেছে উত্তর কোরিয়া। ২০০২ সালে তারা পাঁচজনকে ফেরত দিয়েছে। উত্তর কোরিয়া বলেছে, বাকিরা মারা গেছে। কিন্তু জাপান তাদের ওই ব্যক্তব্য বিশ্বাস করেনি।
উত্তর কোরিয়ার গুপ্তচরদের জাপানি ভাষা ও রীতিনীতির শেখাতে জাপানের নাগরিকদের অপহরণ করা হয়েছিল।
কয়েক দশক আগের ওই ঘটনার পর থেকেই পিয়ংইয়ং ও টোকিওর মধ্যে বৈরী সম্পর্ক বিরাজ করছে। আবে বলেন, অপহরণের ওই ঘটনা এখনো তার সরকারের কাছে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়’।
