২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে নির্বাচন: আইন লঙ্ঘনকারী থেকে আইনপ্রণেতা

ভারতের জাতীয় নির্বাচনে ভোটের লড়াইয়ে নামা প্রতি পাঁচ জন প্রার্থীর মধ্যে অন্তত একজনের বিরুদ্ধে গুরুতর অপরাধ সংগঠনের অভিযোগে মামলা রয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2019, 04:51 PM

Updated : 08 Apr 2022, 04:12 PM

দিল্লি ভিত্তিক স্বাধীন নির্বাচন পর্যবেক্ষক দল অ্যাসোসিয়েশন অব ডেমক্রেটিক রিফর্মস (এডিআর) সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, প্রায় ১৯ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও অপরহরণের মত অপরাধের অভিযোগ আছে।

এডিআর’র প্রতিষ্ঠাতা সদস্য জগদ্বীপ চোকার বলেন, “গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে এমন ব্যক্তিদের নির্বাচনে প্রার্থী হওয়ার হার ক্রামগত বাড়ছে।

“ভোটার এবং রাজনৈতিক দলসহ সবাইকেই বিষয়টি নিয়ে চিন্তা করা প্রয়োজন। মামলা রয়েছে এমন ব্যক্তিদের কেন নির্বাচনের টিকেট দেওয়া হচ্ছে তা ভাবতে হবে।”

ভারতের আইনে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলার পর বিচারে যদি তার দুই বছর বা তার বেশি কারাদণ্ডের সাজা হয় তবে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

কিন্তু যাদের বিরুদ্ধে মামলার বিচার চলছে তাদের নির্বাচনে প্রার্থী হতে কোনো বাধা নেই।

বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতে বিচার প্রক্রিয়ায় নানা জটিলতার কারণে একটি মামলার বিচার কাজ বছরের পর বছর ধরে চলে।

যার সুযোগ নিয়ে অপরাধীরা সহজেই নির্বাচনে প্রার্থী হতে পারে।

এবারের নির্বাচনে কোনো কোনো দলের অর্ধেকের বেশি প্রার্থীর বিরুদ্ধেই মামলা রয়েছে এবং বিচার চলছে বলেও এডিআরের প্রতিবেদনে বলা হয়।

এ তালিকায় এগিয়ে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলের ৪০ শতাংশের বেশি প্রার্থীর নামে মামলা আছে।

যদিও প্রধান বিরোধী দল কংগ্রেস এক্ষেত্রে তাদের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই। কংগ্রেসের ৩৯ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে মামলা চলছে।

সবচেয়ে বেশি মামলা রয়েছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মার্ক্সবাদী) প্রার্থীদের বিরুদ্ধে। দলটির ৫৮ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে মামলা চলছে।

৯০ কোটি ভোটারের দেশ ভারতে সাত দফায় জাতীয় নির্বাচনের শেষ দফা ভোট হবে ১৯ মে। ২৩ মে ভোটের ফলাফল ঘোষণা করা হতে পারে।

আগের ছয় দফা ভোটের পর যে পূর্বাভাস পাওয়া হাচ্ছে তাতে প্রধান দুই দল বিজেপি বা কংগ্রেস সরকার গঠন করতে যাচ্ছে।

এডিআর প্রধান অনিল ভর্মা বলেন, “দলগুলো শুধু জেতার সক্ষমতা বিবেচনা করে। তারা ওইসব ব্যক্তিদেরই চেনে যাদের নির্বাচনে জয় নিশ্চিত করার মত অর্থের জোর এবং ক্ষমতার জোর আছে।”