অস্ট্রেলিয়ায় ভোট চলছে
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। দেশটির রাজনীতিতে বিরাজমান অস্থিরতার কারণে ২০০৭ সালের পর কোনো প্রধানমন্ত্রী মেয়াদ শেষ করতে পারেননি।
শনিবার সকাল থেকে ভোট গ্রহণ শরু হয়েছে বলে জানায় বিবিসি। অস্ট্রেলিয়ার সব প্রদেশ ও অঞ্চলে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ভোট গ্রহণ শেষ হবে। তার পরপরই ভোট ফল আসতে শুরু করবে।
অস্ট্রেলিয়ায় ভোট দেওয়া বাধ্যতামূলক এবং এ বছর রেকর্ড এক কোটি ৬৪ লাখ ভোটার ভোট দিচ্ছেন।
যেহেতু ভোট দান বাধ্যতামূলত তাই ১৮ বছর বা তার বেশি বয়সের সবাই ভোট দেবে, নতুবা ২০ অস্ট্রেলীয় ডলার জরিমান গুনতে হবে।
অস্ট্রেলিয়ায় প্রতি তিন বছর পরপর জাতীয় নির্বাচন হয়। কিন্তু ২০০৭ সালের পর এখন পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী তার মেয়াদ শেষ করতে পারেননি।
স্ত্রীকে নিয়ে ভোট দিচ্ছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। ছবি: রয়টার্স
নিজ দলের ভিতরে বিদ্রোহের কারণে মাত্র নয় মাস আগে দলীয় নেতৃত্ব হারান ম্যালকম টার্নবুল, সেইসঙ্গে প্রধানমন্ত্রীত্ব।
গত বছর অগাস্টে দলের নেতা নির্বাচনের ভোটাভুটিতে দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগী স্কট মরিসনের কাছে হেরে যান তিনি।
ওই হারের পর টার্নবুল পার্লামেন্ট থেকে পদত্যাগ করেন। নতুন প্রধানমন্ত্রী হন মরিসন।
টার্নবুলের সঙ্গে সব ধরণের তিক্ততা মিটিয়ে ফেলেছেন জানিয়ে প্রধানমন্ত্রী মরিসন বলেন, অল্প সময় হাতে পেলেও তিনি দল অনেকটা গুছিয়ে নিয়েছেন।
নির্বাচনী প্রচারে মরিসন অর্থনৈতিক বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়েছেন।
প্রধান বিরোধীদল লেবার পার্টির নেতা বিল শর্টেনও জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন।
গত ছয় বছর ধরে তিনি লেবার পার্টির নেতৃত্ব দিচ্ছেন। তিনি নিজ দলের ঐক্যের উপর জোর দিয়ে বলেন, তার দল ক্ষমতায় গেলে জলবায়ু পরিবর্তন, জীবনযাপন ব্যয় ও স্বাস্থ্য খাতে গুরুত্ব দেবেন।
উভয় নেতাই শনিবার সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন।
কিভাবে ভোট হচ্ছে:
স্ত্রীকে নিয়ে ভোট দিচ্ছিন লেবার নেতা বিল শর্টন। ছবি: রয়টার্স
তবে ভোটাররা চাইলে আগাম ভোটও দিতে পারেন। এবার রেকর্ড প্রায় ৪০ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন।
অস্ট্রেলিয়ায় সর্বশেষ নির্বাচনে ৯৫ শতাংশ ভোটার ভোট দিয়েছিলেন। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় যা অনেক বেশি। সর্বশেষ নির্বাচনে যুক্তরাষ্ট্র ৫৫ শতাংশ এবং যুক্তরাজ্যে ৬৯ শতাংশ ভোট পড়েছে।
কে জিতবে?
সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকায় শুক্রবার প্রকাশিত জরিপে ক্ষমতাসীন জোটের চেয়ে লেবার পার্টি ২ শতাংশ ভোট বেশি পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
তবে যেই জিতুক ভোটের লড়াই যে হাড্ডাহাড্ডি হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে গ্রিন্স, ওয়ান নেশন এবং ইউনাইটেড অস্ট্রেলিয়া পার্টির মত ছোট দলগুলো এমনকি স্বতন্ত্রভাবে জয়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকায় চলে আসতে পারে।
যদি মরিসনের দল হেরে যায় তবে চার বছরের মধ্যে অস্ট্রেলিয়া চতুর্থ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে।
